নতুন গ্র্যাচুইটি বিধি ২০২৫: কেন্দ্র সরকার ২১ নভেম্বর থেকে কার্যকর নতুন শ্রম বিধিতে গ্র্যাচুইটি সংক্রান্ত পুরনো নিয়মে বড় সংশোধন এনেছে। নতুন বিধি অনুযায়ী কোনও কর্মী কোনও প্রতিষ্ঠানে ১ বছর ধারাবাহিক কাজ করলেই তিনি গ্র্যাচুইটি পাওয়ার যোগ্য হবেন। আগে ১৯৭২ সালের গ্র্যাচুইটি আইনে এই সুবিধা পেতে ৫ বছর চাকরি বাধ্যতামূলক ছিল। সরকার জানিয়েছে, কর্মসংস্থানের বর্তমান পরিবর্তিত কাঠামো, ফিক্সড-টার্ম চাকরি বৃদ্ধি এবং শ্রমিকদের আর্থিক সুরক্ষার জন্যই এই গুরুত্বপূর্ণ সংশোধন আনা হয়েছে।

গ্র্যাচুইটি নিয়মে স্বাধীনতার পর সবচেয়ে বড় সংস্কার
কেন্দ্রীয় সরকার বহু বছর ধরে চালু থাকা ২৯টি পুরনো শ্রম আইন বাতিল করে চারটি নতুন শ্রম কোড চালু করেছে। এই কোডগুলির মধ্যেই গ্র্যাচুইটি নিয়মের সবচেয়ে বড় পরিবর্তন করা হয়েছে।নতুন বিধি কার্যকর হওয়ায় কোনও কর্মী মাত্র ১ বছরের ধারাবাহিক চাকরি করলেই গ্র্যাচুইটির দাবি করতে পারবেন। চাকরি ঘনঘন বদল করা বা স্বল্পমেয়াদি চুক্তিতে কাজ করা কর্মীদের জন্য এটি উল্লেখযোগ্য স্বস্তি।
ফিক্সড-টার্ম কর্মীদের জন্য বড় সুবিধা
বর্তমানে বহু কর্মী ফিক্সড-টার্ম বা স্বল্প মেয়াদি চুক্তিতে কাজ করেন। ফলে ৫ বছরের বাধ্যতামূলক শর্ত পূরণ না হওয়ায় তাঁরা গ্র্যাচুইটি সুবিধা থেকে বঞ্চিত থাকতেন।নতুন শ্রম বিধি বলছে— ফিক্সড-টার্ম কর্মী যদি কোনও সংস্থায় মাত্র ১ বছর কাজ করেন, তাহলেই তিনি নির্ধারিত হারে গ্র্যাচুইটি পাবেন। এতে কর্মীদের আর্থিক সুরক্ষা বৃদ্ধি পাবে ও চাকরিচ্যুতি-পরবর্তী ঝুঁকি কমবে।

কর্মক্ষেত্রে মহিলা শ্রমিকদের জন্য নতুন সুযোগ
নতুন শ্রম কোডে মহিলা কর্মীদের জন্য একাধিক সুবিধা যোগ করা হয়েছে। তাঁদের ইচ্ছা থাকলে তাঁরা নাইট শিফট-এ কাজ করতে পারবেন। পাশাপাশি, মজুরির ক্ষেত্রে কোনওভাবেই বঞ্চিত করা যাবে না।সরকার জানিয়েছে, এই বিধির ফলে কর্মক্ষেত্রে লিঙ্গ সমতা ও নিরাপত্তা আরও শক্তিশালী হবে এবং মহিলাদের অংশগ্রহণ বাড়বে।
সামাজিক সুরক্ষা ও স্বাস্থ্য-নিরাপত্তায় জোর
নতুন শ্রম বিধি শুধু গ্র্যাচুইটি নয়, বরং কর্মীদের স্বাস্থ্য, নিরাপত্তা ও সামাজিক সুরক্ষার জন্যও গুরুত্বপূর্ণ। স্থায়ী ও অস্থায়ী— উভয় ধরনের কর্মীদের জন্যই একই রকম সুরক্ষা নিশ্চিত করা হয়েছে।শ্রম মন্ত্রকের মতে, নতুন বিধি কার্যকর হলে কর্মপরিবেশ উন্নত হবে এবং শ্রমিকদের ন্যূনতম সুরক্ষা সর্বত্র নিশ্চিত হবে।

২১ নভেম্বর থেকে কার্যকর চার নতুন শ্রম কোড
শুক্রবার কেন্দ্র সরকার এই চারটি নতুন শ্রম কোড— ওয়েজ কোড, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কোড, অকুপেশনাল সেফটি কোড ও সোশ্যাল সিকিউরিটি কোড— আনুষ্ঠানিক ভাবে কার্যকর করেছে।সরকারের দাবি, এই বহু প্রতীক্ষিত শ্রম সংস্কার কর্মক্ষেত্রকে আরও স্বচ্ছ, নিরাপদ ও শ্রমিক-বান্ধব করে তুলবে।

কেন্দ্র সরকার নতুন শ্রম বিধি কার্যকর করে গ্র্যাচুইটি পাওয়ার নিয়মে বড় পরিবর্তন এনেছে। এ বার কোনও সংস্থায় মাত্র ১ বছর কাজ করলেই কর্মী গ্র্যাচুইটির যোগ্য হবেন। আগে এই সুবিধা পেতে ৫ বছর একটানা চাকরি বাধ্যতামূলক ছিল। পরিবর্তিত বিধিতে শ্রমিকদের সামাজিক সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।









