বাঙালির রান্নাঘরে লুচির জনপ্রিয়তা চিরকালীন। তবে স্বাস্থ্য সচেতন অনেকেই ময়দার বদলে আটাকে বেছে নেন। কিন্তু আটার লুচি শক্ত হয়ে যাবে বা ফুলবে না—এই ভয়েই অনেকে পিছিয়ে যান। আসলে সঠিক অনুপাতে উপকরণ মেশানো এবং মণ্ড ভালোভাবে মাখাই নরম, ফুলকো আটার লুচির আসল রহস্য। ময়ানের সময় মাত্র আধ কাপ ঈষদুষ্ণ দুধ যোগ করলেই বদলে যেতে পারে লুচির টেক্সচার।
প্রথমেই নিন ২৫০ গ্রাম আটা
রুটি তৈরির আটা দিয়ে এই লুচি বানানো যাবে। ২৫০ গ্রাম আটার সঙ্গে স্বাদমতো নুন, ১ চামচ চিনি এবং ১ চামচ ছোট দানার সুজি মিশিয়ে নিন। সুজি লুচির গঠনে হালকা টেক্সচার আনতে সাহায্য করবে।এরপর ৩ চামচ তেল দিয়ে আটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে ময়ান তৈরি করুন।
ময়ানের আসল টিপস—আধ কাপ ঈষদুষ্ণ দুধ
ময়ান ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার যোগ করুন চায়ের কাপের আধ কাপ ঈষদুষ্ণ দুধ। দুধ দিয়ে প্রথমে আটাটা ভালোভাবে মেখে নিন।
তারপর একই কাপের আধ কাপ হালকা গরম জল দিয়ে মণ্ড তৈরি করুন। অর্থাৎ—
আটা — ২৫০ গ্রাম
ঈষদুষ্ণ দুধ — আধ কাপ
হালকা গরম জল — আধ কাপ
তেল — ৩ টেবিল চামচ
ছোট দানার সুজি — ১ চামচ
চিনি — ১ চামচ
নুন — স্বাদমতো
১০ মিনিট মাখুন, তারপর দিন বিশ্রাম
লুচির মণ্ড ভালোভাবে মাখার জন্য অন্তত ১০ মিনিট সময় দিন। মণ্ড মসৃণ হয়ে এলে সেটি ঢেকে প্রায় ১৫ মিনিট রেখে দিন।এই বিশ্রামের সময়টা গুরুত্বপূর্ণ। এতে মণ্ড আরও সেট হয় এবং পরে লুচি বেলার সময় তুলনামূলক সহজ হয়।
লেচি কেটে কীভাবে বেলবেন?
মণ্ড থেকে সমান আকারের লেচি কেটে নিন। প্রতিটি লেচিতে সামান্য তেল মাখিয়ে তার উপর অল্প আটা ছড়িয়ে বেলে নিন।লুচি বেলার সময় বেশি আটা ব্যবহার না করাই ভালো। এতে অতিরিক্ত শুকনো আটা তেলে গিয়ে লুচির স্বাদ ও তেলের গুণমান নষ্ট করতে পারে।
গরম তেলেই ভাজুন, তাহলেই ফুলবে লুচি
কড়াইয়ে পর্যাপ্ত তেল দিয়ে ভালোভাবে গরম করুন। তেল ঠিকমতো গরম হলে একবারে একটি করে লুচি ছাড়ুন।লুচি তেলে পড়ার পর ছানকা দিয়ে অল্প অল্প গরম তেল তুলে তার উপর দিতে পারেন। এরপর হালকা চাপ দিলে লুচি ফুলে উঠতে শুরু করবে। দুই দিক সামান্য ভেজে তুলে নিন।
কীসের সঙ্গে পরিবেশন করবেন?
গরমাগরম আটার ফুলকো লুচির সঙ্গে জমবে নানা পদ। যেমন—
ছোলার ডাল
আলুরদম
আলুর তরকারি
সুজি
পাঁঠার মাংস
ময়দার বদলে আটা দিয়েও তৈরি করা যায় নরম, মোলায়েম ও ফুলকো লুচি। ময়ানে তেল দেওয়ার পাশাপাশি ব্যবহার করতে হবে ঈষদুষ্ণ দুধ। ২৫০ গ্রাম আটার সঙ্গে আধ কাপ গরম দুধ ও আধ কাপ ঈষদুষ্ণ জল ব্যবহার করলে লুচি হতে পারে বেশ নরম। রইল ঘরেই সহজে আটার লুচি তৈরির পদ্ধতি।













