সন্দেহজনক ১ কোটি ৩৬ লক্ষ ভোটার কারা? নামের তালিকা প্রকাশের দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্দেহজনক ১ কোটি ৩৬ লক্ষ ভোটার কারা? নামের তালিকা প্রকাশের দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

SIR Controversy: খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। নির্বাচন কমিশনের চিহ্নিত করা ১ কোটি ৩৬ লক্ষ ‘সন্দেহজনক’ ভোটার নিয়ে প্রশ্ন তুলে সরাসরি কমিশনের স্বচ্ছতা নিয়ে আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

১ কোটি ৩৬ লক্ষ ভোটার কীভাবে একদিনে সন্দেহজনক?

শনিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে অভিষেক প্রশ্ন তোলেন—১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনই কীভাবে নির্বাচন কমিশন ১ কোটি ৩৬ লক্ষ ভোটারকে ‘লজিক্যাল ডিসক্রিপ্যান্সি’ রয়েছে বলে চিহ্নিত করল? কোন সফটওয়্যার বা কোন প্রক্রিয়ায় এত অল্প সময়ে এই বিশাল সংখ্যক ভোটার যাচাই করা সম্ভব হল, তার ব্যাখ্যা চেয়েছেন তিনি।

তালিকা প্রকাশের দাবি নির্বাচন কমিশনের কাছে

অভিষেকের স্পষ্ট দাবি, শুধুমাত্র সংখ্যা জানিয়ে আতঙ্ক তৈরি করা চলবে না। সন্দেহজনক ভোটারদের পূর্ণ নামের তালিকা প্রকাশ করতে হবে। তিনি বলেন, “পরীক্ষার ফল প্রকাশ করে যদি বলা হয় ৪০ জন ফেল করেছে, কিন্তু কারা ফেল করেছে তা না জানানো হয়—তা কি গ্রহণযোগ্য?”

অনুপ্রবেশকারীর অভিযোগ নিয়েও প্রশ্ন

বিজেপির দাবি অনুযায়ী বাংলায় এক কোটি বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারী রয়েছে—এই বক্তব্যের প্রসঙ্গ তুলে অভিষেক জানতে চান, এসআইআর প্রক্রিয়ায় আসলে কতজন অনুপ্রবেশকারী চিহ্নিত হয়েছে? সেই তালিকাও প্রকাশ করা হোক বলে নির্বাচন কমিশনের কাছে দাবি জানান তিনি।

জীবিত ভোটারকে মৃত দেখানোর অভিযোগ

এদিন অভিষেক আরও অভিযোগ করেন, বহু ভোটার জীবিত থাকা সত্ত্বেও তাঁদের মৃত হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাঁর মতে, অনুপ্রবেশকারী ধরার নামে আসলে বাংলার সাধারণ মানুষকেই হয়রানি করা হচ্ছে।

রাজ্যভিত্তিক পরিসংখ্যান তুলে ধরলেন অভিষেক

তথ্য দিয়ে অভিষেক দাবি করেন, শতাংশের নিরিখে পশ্চিমবঙ্গেই এসআইআর প্রক্রিয়ায় সবচেয়ে কম ভোটারের নাম বাদ গিয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী—

বাংলায় ১০ কোটি ৫ লক্ষ জনসংখ্যার মধ্যে বাদ পড়েছে ৫৮ লক্ষ ২০ হাজার নাম

গুজরাতে ৭ কোটি ৩৯ লক্ষ জনসংখ্যায় বাদ ৭৩ লক্ষ ৭৩ হাজার

উত্তরপ্রদেশে ১৫ কোটি জনসংখ্যায় বাদ ৪ কোটি

তামিলনাড়ুতে বাদ ৫৭ লক্ষ ৩০ হাজার

তাহলে বাংলায় কেন আতঙ্ক তৈরি করা হচ্ছে, সেই প্রশ্ন তুলেছেন তিনি।

৩১ ডিসেম্বর দিল্লিতে কমিশনের সঙ্গে সাক্ষাৎ

অভিষেক জানান, আগামী ৩১ ডিসেম্বর তৃণমূলের প্রতিনিধি দল নিয়ে তিনি দিল্লিতে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করবেন। নির্দিষ্ট সময়সীমার মধ্যে সন্দেহজনক ভোটারদের তালিকা প্রকাশ না হলে কমিশনের দফতর ঘেরাও করার হুঁশিয়ারিও দেন তিনি।

এসআইআর প্রক্রিয়ায় ‘লজিক্যাল ডিসক্রিপ্যান্সি’ দেখিয়ে ১ কোটি ৩৬ লক্ষ ভোটারকে সন্দেহজনক বলে চিহ্নিত করা হয়েছে। এই ভোটারদের নামের তালিকা প্রকাশের দাবি তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Leave a comment