বিশ্ব গণ্ডার দিবস ঘিরে জলদাপাড়ায় ব্যস্ত দিন কাটালেন শুভেন্দু অধিকারী। বন দফতরের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর জাতীয় উদ্যানে গিয়ে জিপসি সাফারি করেন তিনি। এরপর হলং এলাকার পিলখানায় গিয়ে দুই কুনকি হাতির শাবকের নামকরণ করেন। মেয়ে শাবকের নাম রাখা হয়েছে ‘সুলক্ষণা’, আর পুরুষ শাবকের নাম ‘চৈতন্য’।

বিশ্ব গণ্ডার দিবসে জলদাপাড়ায় শুভেন্দু
মঙ্গলবার বিশ্ব গণ্ডার দিবস উপলক্ষে হাসিমারার সুভাষিণী চা-বাগানের মাঠে বন দফতরের অনুষ্ঠানে যোগ দেন শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে বিভিন্ন বন্যপ্রাণীর দেহাংশ নষ্ট করার কর্মসূচিও ছিল। সেখানে হাড়, শিং, চামড়া, দাঁত ও নখ-সহ মোট ১৯৪টি দেহাংশ, যার সম্মিলিত ওজন প্রায় ১৪২ কেজি, পুড়িয়ে নষ্ট করা হয় বলে জানানো হয়েছে।অনুষ্ঠান শেষ করে জলদাপাড়া জাতীয় উদ্যানে যান তিনি।
জলপাই রঙের হ্যাট পরে জিপসি সাফারি
জলদাপাড়ার জঙ্গলে প্রায় এক ঘণ্টা জিপসি সাফারি করেন শুভেন্দু। মাথায় ছিল জলপাই রঙের হ্যাট। সাফারির সময় বাচ্চা-সহ গণ্ডার এবং বাইসন দেখেছেন বলে পরে জানান তিনি।জলদাপাড়া ও গোরুমারা জাতীয় উদ্যানের একশৃঙ্গ গণ্ডার সংরক্ষণের উপরেও গুরুত্ব দেন তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, এই তৃণভোজী প্রাণী পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ বন্যপ্রাণ সম্পদ এবং তাদের সুরক্ষায় বনাঞ্চলে কাজ চলছে।

দুই হস্তিশাবকের নামকরণ
সাফারির পাশাপাশি জলদাপাড়ার হলং পিলখানায় থাকা দুই হস্তিশাবকের নামকরণও করেন শুভেন্দু। একটি মেয়ে এবং একটি পুরুষ শাবকের নাম রাখা হয়েছে যথাক্রমে সুলক্ষণা ও চৈতন্য।জানা গিয়েছে, দুই শাবকই পিলখানার কুনকি হাতিদের সন্তান। বাবা-মায়ের নামের সঙ্গে মিল রেখেই নামকরণের প্রথা বজায় রাখা হয়েছে। পুরুষ শাবকটির মায়ের নাম চৈতি। সেই নামের সঙ্গে সামঞ্জস্য রেখেই তার নাম রাখা হয়েছে ‘চৈতন্য’।
হলং বনবাংলোর নির্মাণকাজও পরিদর্শন
জলদাপাড়া সফরের সময় হলং এলাকায় আগুনে ক্ষতিগ্রস্ত বনবাংলোর পুনর্নির্মাণের কাজও পরিদর্শন করেন শুভেন্দু। আগামী মার্চের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।সফর শেষে তাঁর বক্তব্য, জঙ্গলের পরিস্থিতি ও বন দফতরের কাজকর্ম তিনি ঘুরে দেখেছেন। গণ্ডার, বাইসন-সহ বিভিন্ন বন্যপ্রাণী দেখার কথাও জানান তিনি।

২ অক্টোবর বক্সায় বাঘ ছাড়ার কথা
শুভেন্দু অধিকারী জানান, আগামী ২ অক্টোবর বক্সা টাইগার রিজার্ভে একটি বাঘিনী ছাড়ার পরিকল্পনা রয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, ওই অনুষ্ঠানে কেন্দ্রীয় বনমন্ত্রী ভূপেন্দ্র যাদবও উপস্থিত থাকবেন।বন দফতর সূত্রে জানানো হয়েছে, বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে একটি বাঘিনী এনে বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলে ছাড়ার পরিকল্পনা রয়েছে। আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডে এই উপলক্ষে সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানা গিয়েছে।

বিশ্ব গণ্ডার দিবস উপলক্ষে জলদাপাড়া জাতীয় উদ্যানে গেলেন শুভেন্দু অধিকারী। জলপাই রঙের হ্যাট পরে হুডখোলা গাড়িতে প্রায় এক ঘণ্টা জঙ্গল সাফারি করেন তিনি। সাফারিতে গণ্ডার ও বাইসন দেখার পাশাপাশি হলং পিলখানায় গণেশ পুজোয় অংশ নেন এবং দুই হস্তিশাবকের নামকরণ করেন।










