নতুন iPhone কেনার পর ব্যবহারকারীদের ডিভাইসে Face ID Attention Awareness, Find My iPhone এবং Two-Factor Authentication সক্রিয় করা প্রয়োজন, যাতে অননুমোদিত প্রবেশ, ডেটা চুরি ও অ্যাকাউন্ট হ্যাকিং প্রতিরোধ করা যায়।
Face ID আগে থেকেই iPhone-এর একটি নিরাপত্তা ফিচার। তবে “Require Attention for Face ID” চালু থাকলে ফোন কেবল তখনই আনলক হবে যখন ব্যবহারকারী সরাসরি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবেন।
এই ফিচার সক্রিয় থাকলে ব্যবহারকারী ঘুমিয়ে থাকলে বা অন্যদিকে মনোযোগী থাকলে কেউ মুখের সামনে ফোন এনে আনলক করতে পারবে না। এটি চালু করতে Settings-এ গিয়ে Face ID & Passcode-এ ট্যাপ করে “Require Attention” অপশন সক্রিয় করতে হবে।
iPhone হারিয়ে গেলে “Find My iPhone” ফিচার ডিভাইস ট্র্যাক করা, দূর থেকে লক করা এবং প্রয়োজন হলে ডেটা মুছে ফেলার সুবিধা দেয়।

এই ফিচার চালু করতে Settings-এ নিজের নামে ট্যাপ করে “Find My” বিভাগে গিয়ে “Find My iPhone” সক্রিয় করতে হবে। এটি ডিভাইসের অবস্থান নিরাপদভাবে ট্র্যাক করতে সহায়তা করে এবং ডেটা ভুল হাতে যাওয়ার ঝুঁকি কমায়।
Two-Factor Authentication বা 2FA Apple ID সুরক্ষার একটি পদ্ধতি, যেখানে পাসওয়ার্ড জানা থাকলেও অ্যাকাউন্টে লগ ইন করতে অতিরিক্ত যাচাইকরণ কোড প্রয়োজন হয়।
এই ফিচার চালু করতে Settings-এ নিজের নামে ট্যাপ করে “Sign-In & Security” বিভাগে গিয়ে Two-Factor Authentication সক্রিয় করতে হবে। এটি অননুমোদিত প্রবেশ ও অনলাইন প্রতারণা থেকে অতিরিক্ত সুরক্ষা প্রদান করে।
বর্তমানে স্মার্টফোনে ব্যাংকিং অ্যাপ, ব্যক্তিগত ছবি, অফিস ডকুমেন্টসহ বিভিন্ন সংবেদনশীল তথ্য সংরক্ষিত থাকে। নতুন iPhone কেনার পর এই তিনটি ফিচার সক্রিয় করা ডিভাইস ও Apple ID সুরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ।








