রান্নাঘরের অন্যতম অপরিহার্য উপাদান রসুন শুধু খাবারের স্বাদই বাড়ায় না, শরীরের জন্যও বহুমুখী উপকার করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, কোলেস্টেরল নিয়ন্ত্রণ, ওজন কমানো এবং সংক্রমণ প্রতিরোধে রসুনের ভূমিকা নিয়ে বহু গবেষণা হয়েছে।
রসুন কেন এত উপকারী?
রসুনে থাকা অ্যালিসিন (Allicin) নামের প্রাকৃতিক যৌগ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়া এতে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং সংক্রমণের ঝুঁকি কমাতে সহায়তা করে। নিয়মিত পরিমিত রসুন খেলে হৃদ্স্বাস্থ্যেরও উপকার হতে পারে।
সাদা রসুন: সবচেয়ে পরিচিত ও সহজলভ্য
সাদা রসুনই বাজারে সবচেয়ে বেশি পাওয়া যায় এবং অধিকাংশ বাড়িতে রান্নায় ব্যবহৃত হয়। এতে ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিড্যান্ট থাকায় এটি প্রতিদিনের খাদ্যতালিকায় একটি স্বাস্থ্যকর সংযোজন হিসেবে বিবেচিত।
বেগুনি রসুন: বড় কোয়া ও বেশি রসালো
বেগুনি রসুনের বাইরের খোসা বেগুনি রঙের হলেও ভেতরের কোয়াগুলি সাদা। সাধারণ সাদা রসুনের তুলনায় এর কোয়াগুলি আকারে বড় এবং বেশি রসালো হওয়ায় অনেকেই রান্নায় এটি পছন্দ করেন।
গোলাপি রসুন: ভিটামিন ও খনিজে সমৃদ্ধ
গোলাপি রসুনের স্বাদ তুলনামূলকভাবে মিষ্টি। এতে ভিটামিন A, B ও C-এর পাশাপাশি ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, কপার ও জিঙ্কের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদান থাকে। কাঁচা কিংবা রান্না—দুইভাবেই এটি খাওয়া যায়।
কালো রসুন: অ্যান্টিঅক্সিড্যান্টের ভাণ্ডার
কালো রসুন সাধারণ সাদা রসুনকে নিয়ন্ত্রিত তাপমাত্রায় ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়। এতে অ্যান্টিঅক্সিড্যান্টের পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকে। পাশাপাশি ভিটামিন বি, ফোলেট, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজ ও জিঙ্কের মতো বিভিন্ন পুষ্টি উপাদানও বিদ্যমান।বিভিন্ন গবেষণায় দেখা গেছে, কালো রসুন রক্তের খারাপ কোলেস্টেরল (LDL) কমাতে এবং অক্সিডেটিভ স্ট্রেস হ্রাসে সহায়ক হতে পারে। তবে এটি কোনো রোগের ওষুধ নয়; স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হিসেবেই গ্রহণ করা উচিত।
ওজন কমাতে কোন রসুন বেশি কার্যকর?
বিশেষজ্ঞদের মতে, কোনও নির্দিষ্ট রঙের রসুন একাই ওজন কমিয়ে দেয়—এমন বৈজ্ঞানিক প্রমাণ নেই। সব ধরনের রসুনই সুষম খাদ্য ও নিয়মিত ব্যায়ামের সঙ্গে মিলিয়ে খেলে বিপাকক্রিয়া (Metabolism) সক্রিয় রাখতে সহায়তা করতে পারে। তাই শুধু রসুনের উপর নির্ভর না করে স্বাস্থ্যকর জীবনযাপনই ওজন নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি।
রসুন দীর্ঘদিন ধরেই প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে পরিচিত। তবে বাজারে পাওয়া সাদা, কালো, গোলাপি ও বেগুনি—এই চার ধরনের রসুনের মধ্যে কোনটিতে পুষ্টিগুণ বেশি, কোনটি ওজন কমাতে সাহায্য করে এবং কোনটিতে আয়রন-ক্যালসিয়ামের পরিমাণ বেশি—তা নিয়ে অনেকেরই কৌতূহল। বিশেষজ্ঞদের মতে, সব ধরনের রসুনই উপকারী হলেও কিছু ক্ষেত্রে কালো রসুন অন্যগুলির তুলনায় এগিয়ে।













