৩১ ডিসেম্বর ‘দিল্লি চলো’ ডাক অভিষেকের, তালিকা প্রকাশ না হলে নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি

৩১ ডিসেম্বর ‘দিল্লি চলো’ ডাক অভিষেকের, তালিকা প্রকাশ না হলে নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি

বাংলার ভোটার তালিকা সংশোধন নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নের মুখে। এসআইআর ইস্যুতে শনিবার সরাসরি কমিশনকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট জানিয়ে দিলেন—১ কোটি ৩৬ লক্ষ ভোটারের নামে অসঙ্গতির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ না হলে ৩১ ডিসেম্বর দিল্লিতে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে।

লজিক্যাল ডিসক্রিপান্সি’ নিয়ে সরাসরি চ্যালেঞ্জ

শনিবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, কী যুক্তিতে এত বিপুল সংখ্যক ভোটারের নাম নিয়ে সন্দেহ প্রকাশ করা হচ্ছে। তাঁর বক্তব্য, নির্বাচন কমিশন শুধু ‘লজিক্যাল ডিসক্রিপান্সি’-র কথা বলছে, কিন্তু তার কোনও প্রমাণ বা বিস্তারিত তালিকা প্রকাশ করছে না। এই অবস্থাকে সম্পূর্ণ অযৌক্তিক বলেই দাবি তৃণমূল নেতার।

৩১ ডিসেম্বর দিল্লি সফর, কমিশনারের সঙ্গে সাক্ষাৎ

অভিষেক জানান, আগামী ৩১ ডিসেম্বর তিনি দিল্লি গিয়ে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করবেন। সেখানে তিনি সরাসরি জানতে চাইবেন—১ কোটি ৩৬ লক্ষ ভোটারের নাম নিয়ে প্রশ্ন তোলার নির্দিষ্ট কারণ কী এবং সেই তালিকা কোথায়। তালিকা দিতে ব্যর্থ হলে কমিশনকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বাংলাদেশি ও রোহিঙ্গা—তালিকা প্রকাশের দাবি

এসআইআর ইস্যুতে আরও এক ধাপ এগিয়ে অভিষেক প্রশ্ন তোলেন, বাদ পড়া ৫৮ লক্ষ ২০ হাজার ভোটারের মধ্যে কতজন বাংলাদেশি বা রোহিঙ্গা—তার স্পষ্ট তালিকা কোথায়? তাঁর দাবি, কোনও যাচাই ছাড়াই এত বড় অভিযোগ তোলা হচ্ছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী।

‘একদিনে ৭ কোটি ডেটা যাচাই সম্ভব?

নির্বাচন কমিশনের সময়সীমা নিয়েও কটাক্ষ করেন অভিষেক। তিনি প্রশ্ন তোলেন, মাত্র একদিনে কীভাবে প্রায় ৭ কোটি ভোটারের তথ্য ৮০ হাজার বিএলও দিয়ে যাচাই করা সম্ভব হল? এই দাবি অবাস্তব ও সন্দেহজনক বলেই মন্তব্য করেন তিনি।

পরিসংখ্যান দিয়ে তুলনা, ‘বাংলায় বাদ সবচেয়ে কম’

অন্য রাজ্যের সঙ্গে তুলনা টেনে অভিষেক বলেন, তামিলনাড়ু, গুজরাট, কেরল ও ছত্তিশগড়ে ভোটার বাদ পড়ার হার বাংলার তুলনায় অনেক বেশি। বাংলায় মোট ভোটারের মাত্র ৫.৭৯ শতাংশ নাম বাদ গিয়েছে, যা দেশের মধ্যে সর্বনিম্ন। তবুও শুধু বাংলাকেই কেন নিশানা করা হচ্ছে—এই প্রশ্নই তুলেছেন তিনি।

বাংলায় চলা এসআইআর (Special Intensive Revision) ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর আরও চড়াল তৃণমূল। ১ কোটি ৩৬ লক্ষ ভোটারের নামে ‘অসঙ্গতি’ নিয়ে প্রশ্ন তুলে ৩১ ডিসেম্বর দিল্লি গিয়ে কমিশনের কাছে তালিকা চাইবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দাবি না মানলে কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি।

Leave a comment