শীত মানেই জমজমাট আড্ডা আর ভালো খাবারের টান। আর সেই তালিকায় যদি থাকে নরম, রসালো ও হালকা ধোঁয়াটে আফগানি চিকেন তন্দুরি, তাহলে জমে যাবে যে কোনও সন্ধে। সাধারণ তন্দুরি চিকেনের থেকে স্বাদে আলাদা এই পদটি অল্প কিছু উপকরণেই সহজে বানানো যায় ঘরে বসে।
আফগানি তন্দুরি কেন আলাদা?
আফগানি চিকেন তন্দুরি মূলত কম ঝাল ও বেশি ক্রিমি স্বাদের জন্য পরিচিত। কাজুবাদাম, ফ্রেশ ক্রিম ও টক দইয়ের মেরিনেশন চিকেনকে করে তোলে অত্যন্ত নরম ও রসালো। মশলার ঝাঁজ কম থাকায় সব বয়সের মানুষের কাছেই এই পদ জনপ্রিয়।

যে উপকরণগুলো লাগবে
আস্ত চিকেন বা লেগ পিস/ব্রেস্ট, টক দই, ফ্রেশ ক্রিম, কাজুবাদাম বাটা, আদা-রসুন বাটা, লেবুর রস, সাদা গোলমরিচ গুঁড়ো, জিরে ও ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা, লবণ, মাখন, সামান্য সর্ষের তেল এবং ধোঁয়ার স্বাদের জন্য চারকোল বা কয়লা।
মেরিনেশন ও রান্নার সহজ পদ্ধতি
প্রথমে চিকেন ভালো করে ধুয়ে প্রতিটি টুকরোয় হালকা চিরে নিন। একটি বাটিতে টক দই, ফ্রেশ ক্রিম, কাজু বাটা, আদা-রসুন, লেবুর রস ও সব মশলা মিশিয়ে নিন। এতে লবণ ও অল্প সর্ষের তেল দিয়ে মসৃণ মেরিনেশন তৈরি করুন।চিকেন এই মিশ্রণে মাখিয়ে ঢেকে কমপক্ষে ৬–৮ ঘণ্টা ফ্রিজে রাখুন। এরপর নন-স্টিক প্যানে অল্প মাখন গরম করে কম আঁচে ঢেকে চিকেন সেঁকুন। দু’পিঠ সোনালি হলে ঢাকনা খুলে বাড়তি জল শুকিয়ে নিন।
রেস্তোরাঁর ধোঁয়াটে ফ্লেভার আনবেন যেভাবে
একটি ছোট কয়লা লাল করে চিকেনের পাশে একটি বাটিতে রাখুন। তাতে সামান্য ঘি ঢেলে পাত্র ঢেকে ২ মিনিট রেখে দিন। এতে তন্দুরের মতো ধোঁয়াটে সুবাস চলে আসবে।
পরিবেশন টিপস
গরম গরম আফগানি চিকেন তন্দুরি পরিবেশন করুন পুদিনা চাটনি, পেঁয়াজ স্যালাড ও লেবুর টুকরোর সঙ্গে। নান বা রুমালি রুটির সঙ্গে এই পদে স্বাদ দ্বিগুণ হয়ে যায়।
শীতের মরসুমে অতিথি আপ্যায়ন বা উইকেন্ড স্পেশালের জন্য বাইরে রেস্তোরাঁয় যাওয়ার দরকার নেই। অল্প মশলা, ক্রিমি স্বাদ আর ধোঁয়াটে গন্ধে ভরপুর আফগানি চিকেন তন্দুরি এবার বানান ঘরেই। সহজ উপকরণ আর ঘরোয়া পদ্ধতিতে মিলবে একেবারে রেস্তোরাঁর স্বাদ।













