রাজ্যের রাজনৈতিক পারদ যখন চড়ছে, ঠিক সেই সময় তিন দিনের ব্যস্ত কর্মসূচি নিয়ে কলকাতায় পা রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার সন্ধ্যায় তাঁর আগমন ঘিরে রাজ্য বিজেপির অন্দরমহলে বাড়তি তৎপরতা ও কৌশলগত আলোচনা শুরু হয়েছে।
সন্ধ্যায় কলকাতায় পৌঁছন অমিত শাহ
সোমবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টা নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন অমিত শাহ। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ দলের একাধিক শীর্ষ নেতা ও কর্মীরা। দলীয় পতাকা ও স্লোগানে মুখর হয়ে ওঠে বিমানবন্দর চত্বর।
প্রথম দিনেই সংগঠনিক তৎপরতা
কলকাতায় পৌঁছেই বিশ্রামের বদলে দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। সূত্রের খবর, বিমানবন্দর থেকে সরাসরি বিজেপির রাজ্য দফতরে যেতে পারেন তিনি। সোমবার রাতেই বিধাননগরে রাজ্য নেতৃত্বের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার একের পর এক বৈঠক
মঙ্গলবারও অমিত শাহর দিনভর কর্মসূচি ঠাসা। বেলা নাগাদ একটি বড় সাংগঠনিক বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি সাংবাদিক বৈঠক করার সম্ভাবনাও রয়েছে। এছাড়া RSS-এর শীর্ষ নেতৃত্ব, বিজেপির বিধায়ক, সাংসদ এবং কলকাতা পুরসভার বিজেপি কাউন্সিলরদের সঙ্গে আলাদা করে বৈঠক করতে পারেন তিনি।
৩১ ডিসেম্বর বিশেষ কর্মসূচির জল্পনা
৩১ ডিসেম্বর কলকাতা বা পার্শ্ববর্তী এলাকার কোনও বিশিষ্ট মনীষীর বাড়িতে যাওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। যদিও এখনও পর্যন্ত এই কর্মসূচি নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। একই সঙ্গে গুঞ্জন, এই সফরের মধ্যেই রাজ্য বিজেপির নতুন কমিটির নাম ঘোষণা হতে পারে।
ভোট প্রস্তুতি ও SIR ইস্যুতে নজর
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে বিজেপির সংগঠনিক শক্তি ও ভোট প্রস্তুতির অগ্রগতি খতিয়ে দেখাই এই সফরের অন্যতম উদ্দেশ্য বলে মনে করছে রাজনৈতিক মহল। পাশাপাশি Special Intensive Revision (SIR) ইস্যুতে বিরোধীদের আক্রমণের মোকাবিলায় দলের অবস্থান কী হবে, তা নিয়েও আলোচনা হতে পারে।
বিরোধীদের আক্রমণ ও বিজেপির কৌশল
SIR প্রক্রিয়া ঘিরে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস ও সিপিএম একযোগে বিজেপির বিরুদ্ধে সরব। এই পরিস্থিতিতে জনমতের প্রতিক্রিয়া কতটা প্রভাব ফেলছে, তা মূল্যায়ন করতেই অমিত শাহ সরেজমিনে পরিস্থিতি বুঝতে চাইছেন বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
বছরের শেষ লগ্নে তিন দিনের সফরে কলকাতায় পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। SIR বিতর্ক ও আসন্ন বিধানসভা ভোটের আবহে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।










