Recipe: আতা খেতে ভালোবাসেন? কখনও আতার পায়েস চেখেছেন? শেষ পাতে মন জয় করা এই অভিনব ডেজার্টের রইল সহজ রেসিপি

চালের পায়েস নয়, এবার ট্রাই করুন আতার পায়েস। সহজ উপকরণে বাড়িতেই বানান সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর এই অভিনব বাঙালি ডেজার্ট।

শীতকাল মানেই বাঙালির রান্নাঘরে পায়েসের সুবাস। দুধ, গুড় আর এলাচের গন্ধে মুখর থাকে বাড়ি। তবে চালের পায়েস তো প্রায় সকলেই খেয়েছেন। কিন্তু কখনও কি আতার পায়েস খেয়েছেন? না খেয়ে থাকলে, শীতের শেষ লগ্নে এবার চেখে দেখতেই পারেন এই একেবারে অন্যরকম ডেজার্ট।

আতার পায়েস কেন আলাদা?

আতার স্বাভাবিক মিষ্টতা ও সুগন্ধ এই পায়েসকে দেয় অনন্য স্বাদ। শুধু স্বাদই নয়, আতা হজমে সহায়ক, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে রাখে শক্তিশালী। তাই এই পায়েস স্বাদ ও স্বাস্থ্য—দু’দিক থেকেই লাভজনক।

কী কী লাগবে আতার পায়েস বানাতে

এই অভিনব পায়েস বানাতে খুব বেশি উপকরণের দরকার নেই। যা লাগবে—

১টি বড় আতার শাঁস

১/৪ কাপ গুড়

আধ চা-চামচ এলাচ গুঁড়ো

২০ গ্রাম পেস্তা কুচি

সামান্য কেশর মেশানো দুধ

কয়েকটি শুকনো গোলাপের পাপড়ি

প্রয়োজন মতো ফুল ফ্যাট দুধ

ধাপে ধাপে আতার পায়েস তৈরির পদ্ধতি

প্রথমে একটি কড়াইতে দুধ বসান। মাঝারি আঁচে দুধ জ্বাল দিতে থাকুন। দুধ অর্ধেক হয়ে ঘন হলে তাতে দিন এলাচ গুঁড়ো ও গুড়।

এরপর ভালোভাবে নেড়ে আতার শাঁস যোগ করুন। খেয়াল রাখবেন, নাড়তে যেন কোনওভাবেই দলা না পাকায়।

সব উপকরণ একসঙ্গে মিশে ঘন হয়ে এলে শেষ ধাপে দিন কেশর মেশানো দুধ। আরও কয়েক মিনিট নাড়ুন।

শেষ টাচেই স্বাদ বাড়বে দ্বিগুণ

গ্যাস বন্ধ করার আগে উপরে ছড়িয়ে দিন পেস্তা কুচি ও শুকনো গোলাপের পাপড়ি। এতে পায়েসের স্বাদ যেমন বাড়বে, তেমনই দেখতে হবে আরও আকর্ষণীয়। পরিবেশনের সময় সুন্দর পাত্র ব্যবহার করলে ডেজার্ট হবে আরও লোভনীয়।

শীত বিদায় নেওয়ার মুখে, পায়েসপ্রেমীদের জন্য এল নতুন স্বাদের চমক। চালের পায়েস নয়, এবার ট্রাই করুন পুষ্টিগুণে ভরপুর আতার পায়েস। বাড়িতেই সহজ উপকরণে বানানো যাবে এই সুস্বাদু ডেজার্ট।

Leave a comment