Ayushman Card Update: ৫ লাখ থেকে ১০ লাখ টাকার স্বাস্থ্যবিমা? আয়ুষ্মান ভারত প্রকল্পে বড় সুপারিশ, কী বলছে সর্বশেষ আপডেট

আয়ুষ্মান ভারত (PM-JAY)-এর স্বাস্থ্যবিমার কভারেজ ১০ লক্ষ টাকা করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। তবে কি এখনই বাড়ছে বিমার সীমা? বর্তমান নিয়ম, প্রস্তাব এবং সর্বশেষ আপডেট জানুন।

আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধাভোগীদের জন্য সামনে এল বড় আপডেট। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি কেন্দ্রকে পরামর্শ দিয়েছে, প্রকল্পের স্বাস্থ্যবিমার সর্বোচ্চ কভারেজ ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১০ লক্ষ টাকা করা হোক। আধুনিক ও ব্যয়বহুল চিকিৎসার খরচ বিবেচনা করেই এই সুপারিশ করা হয়েছে। তবে এটি এখনও কার্যকর হয়নি এবং সরকারিভাবে কোনও চূড়ান্ত সিদ্ধান্তও ঘোষণা করা হয়নি।

কী সুপারিশ করেছে সংসদীয় কমিটি?

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ১৭২তম প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান চিকিৎসা ব্যয়ের সঙ্গে তাল মিলিয়ে আয়ুষ্মান ভারতের বিমার সীমা পুনর্বিবেচনা করা প্রয়োজন। সেই কারণেই প্রতি পরিবারের বার্ষিক স্বাস্থ্যবিমার সীমা ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১০ লক্ষ টাকা করার সুপারিশ করা হয়েছে।

কেন বাড়ানোর প্রস্তাব?

কমিটির মতে, বর্তমানে লিভার প্রতিস্থাপন, জটিল হৃদরোগের অস্ত্রোপচার, ইমিউনোথেরাপির মতো উন্নত চিকিৎসার ব্যয় অনেক ক্ষেত্রেই ৫ লক্ষ টাকার সীমা অতিক্রম করে যায়। ফলে আয়ুষ্মান প্রকল্পের আওতায় থাকলেও বহু রোগীকে নিজের পকেট থেকে অতিরিক্ত অর্থ খরচ করতে হয়। এই আর্থিক চাপ কমাতেই বিমার সীমা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

উচ্চ ব্যয়ের চিকিৎসার জন্য আলাদা প্যাকেজের সুপারিশ

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ব্যয়বহুল চিকিৎসার জন্য PM-JAY-এর অধীনে পৃথক উচ্চমূল্যের চিকিৎসা প্যাকেজ চালুর বিষয়টি বিবেচনা করা উচিত। হাসপাতাল, চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা এবং রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় করে এই প্যাকেজগুলির খরচ নির্ধারণ ও অর্থের ব্যবস্থা করারও পরামর্শ দেওয়া হয়েছে।

বর্তমানে কী নিয়ম চালু রয়েছে?

এই মুহূর্তে আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে যোগ্য পরিবারগুলি বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস স্বাস্থ্যবিমার সুবিধা পান। ১০ লক্ষ টাকার কভারেজ এখনও কার্যকর হয়নি। কেন্দ্রীয় সরকার এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা বিজ্ঞপ্তি জারি করলে তবেই নতুন নিয়ম কার্যকর হবে।

এই প্রস্তাব কার্যকর হলে কী সুবিধা হতে পারে?

বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে এই সুপারিশ বাস্তবায়িত হলে ব্যয়বহুল ও জীবনরক্ষাকারী চিকিৎসার ক্ষেত্রে রোগীদের আর্থিক চাপ অনেকটাই কমতে পারে। পাশাপাশি গুরুতর অসুস্থতার চিকিৎসায় আরও বেশি মানুষ সরকারি স্বাস্থ্যবিমার পূর্ণ সুবিধা পাওয়ার সুযোগ পাবেন।

আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (PM-JAY)-এর স্বাস্থ্যবিমার কভারেজ ৫ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকায় বাড়ানোর সুপারিশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। তবে এখনও কেন্দ্রীয় সরকার এই পরিবর্তনের ঘোষণা করেনি। বর্তমানে প্রকল্পের আওতায় প্রতি পরিবার বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকার স্বাস্থ্যসুরক্ষাই চালু রয়েছে।

Leave a comment