নতুন বছরের শুরুতেই বাংলার রাজনীতিতে ফের সংঘাতের সুর। একদিকে তৃণমূল কংগ্রেস যেখানে ‘উন্নয়নের পাঁচালি’ শিরোনামে সরকারের কাজকর্ম তুলে ধরছে, ঠিক তখনই পাল্টা কৌশল নিল বঙ্গ বিজেপি। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করে ‘চোরেদের পাঁচালি’ নামে নতুন প্রচার অভিযান শুরু করল গেরুয়া শিবির। রবিবার নন্দীগ্রাম থেকে এই কর্মসূচির সূচনা হয়েছে।
নন্দীগ্রামেই সূচনা কেন?
বিজেপি সূত্রে জানা গিয়েছে, বিধানসভা ভোটের আগে রাজনৈতিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নন্দীগ্রামকেই ইচ্ছাকৃতভাবে বেছে নেওয়া হয়েছে এই প্রচারের জন্য। শনিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই কর্মসূচির ঘোষণা করেন। তার পরদিনই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে ট্যাবলো নিয়ে রাস্তায় নামে বিজেপি কর্মীরা।
টোটো–ট্যাবলোয় ‘চোরেদের পাঁচালি’
কয়েক দিন আগেই তৃণমূল কংগ্রেস নন্দীগ্রামের ১৭টি গ্রাম পঞ্চায়েতে ১৭টি টোটো নিয়ে ‘উন্নয়নের পাঁচালি’ ট্যাবলোর সূচনা করেছিল। পাল্টা হিসেবে বিজেপি রবিবার ১৭টি গ্রাম পঞ্চায়েতে মোট ৩৪টি টোটো–ট্যাবলো নামায়। বিজেপির দাবি, তৃণমূল সরকারের উন্নয়নের প্রচার আদতে মিথ্যা, আর সেই ‘মিথ্যের মুখোশ’ খুলতেই এই কর্মসূচি।দলীয় সূত্রে আরও জানানো হয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে বহু দুর্নীতির বিষয় মানুষের মনে ঝাপসা হয়ে এসেছে। ভোটের আগে সেগুলিই ফের মনে করিয়ে দিতেই ‘চোরেদের পাঁচালি’।
তৃণমূলের পাল্টা কটাক্ষ
বিজেপির এই কর্মসূচিকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রাম–১ ব্লক কোর কমিটির সদস্য শেখ শামসুল ইসলাম বলেন,
‘চোরেদের পাঁচালি’ নিয়েই বিজেপিকে আক্রমণ তৃণমূলের
তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী আরও এক ধাপ এগিয়ে বলেন,“চোরেদের পাঁচালি লঞ্চ করার জন্য বিজেপিই সবচেয়ে উপযুক্ত দল। যাঁদের একসময় বিজেপি চোর বলেছে, পরবর্তীতে তাঁদেরই দলে টেনে বড় পদ দিয়েছে। তাই বিজেপির সঙ্গে ‘চোরেদের পাঁচালি’ নামটা খুব ভালোই মানিয়ে গেছে।”
শুধু নন্দীগ্রাম নয়, গোটা বাংলায় ছড়াবে কর্মসূচি
বিজেপি সূত্রের দাবি, ‘চোরেদের পাঁচালি’ শুধু পূর্ব মেদিনীপুরেই সীমাবদ্ধ থাকবে না। ধাপে ধাপে রাজ্যের অন্যান্য জেলাতেও এই কর্মসূচি শুরু করা হবে। ভোট যত এগোবে, ততই তীব্র হবে এই প্রচার।
বিধানসভা ভোটের আগে তৃণমূলের ‘উন্নয়নের পাঁচালি’র পাল্টা হিসেবে বিজেপি শুরু করল ‘চোরেদের পাঁচালি’ কর্মসূচি। গত ১৫ বছরে তৃণমূল নেতা–মন্ত্রীদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগই ট্যাবলো ও প্রচারের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরতে মাঠে নামল গেরুয়া শিবির।











