পাড়ার সমস্যাতেই ভোটের বাজি, বিধানসভা ধরে ‘চার্জশিট’ বিলিতে পথে বিজেপি

পাড়ার সমস্যাতেই ভোটের বাজি, বিধানসভা ধরে ‘চার্জশিট’ বিলিতে পথে বিজেপি

অনুপ্রবেশ, দুর্নীতি বা সংখ্যালঘু তোষণের মতো বড় ইস্যুর বাইরে গিয়ে এ বার পাড়ার ভাঙা রাস্তা, জল জমা, পানীয় জলের অভাব— এই ‘ছোটখাটো’ সমস্যাতেই ভোটের সমীকরণ বদলাতে চাইছে বিজেপি। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের ২৯৪টি আসনের জন্য আলাদা আলাদা ‘চার্জশিট’ তৈরি করে মাঠে নামছে পদ্ম শিবির।

বিধানসভা ধরে অভিযোগপত্র, নতুন প্রচার রণকৌশল

দলীয় সূত্রে জানা গিয়েছে, রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য আলাদা চার্জশিট তৈরি করা হয়েছে। সেখানে সংশ্লিষ্ট এলাকার প্রধান সমস্যাগুলি তালিকাভুক্ত করা হয়েছে— কোথায় রাস্তা বেহাল, কোথায় একটু বৃষ্টিতেই জল জমে যায়, কোথায় নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে কিংবা কোন এলাকায় বেআইনি নির্মাণ বাড়ছে।

শুধু অনুপ্রবেশে ভরসা নয়, বাস্তব সমস্যায় জোর

সম্প্রতি কলকাতায় এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে গিয়েছেন, বাংলার ভোটে অনুপ্রবেশ বড় ইস্যু হবে। তবে বিজেপির ভিন রাজ্য থেকে আসা ‘ইলেকশন ম্যানেজমেন্ট’ টিমের একাংশ মনে করছে, শুধু একটি ইস্যুতে জোর দিলে ভুল হতে পারে। তাই অনুপ্রবেশের পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন ভোগান্তিকে প্রচারের কেন্দ্রে আনতে চাইছে দল।

জনসভা বিশ্লেষণে বদল বক্তৃতার ভাষা

বিগত কয়েক মাস ধরে রাজ্যজুড়ে বিজেপির ‘পরিবর্তন সংকল্প জনসভা’ চলছে। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের পর্যবেক্ষণে উঠে এসেছে, রাজ্য বিজেপি নেতাদের বক্তব্যে বড় রাজনৈতিক অভিযোগ থাকলেও স্থানীয় সমস্যার উল্লেখ তুলনামূলকভাবে কম। সেই ঘাটতি পূরণ করতেই স্ট্রিট কর্নার সভা ও পাড়া বৈঠকে এলাকার নির্দিষ্ট সমস্যাগুলিকে সামনে আনার নির্দেশ দেওয়া হয়েছে।

‘আপনার পাড়ার সমস্যাই আমাদের প্রশ্ন’

এক কেন্দ্রীয় বিজেপি নেতার কথায়, “ভোটার যখন শুনবেন, তাঁর পাড়ার ভাঙা রাস্তা বা জল সমস্যার কথা বিজেপির নেতা বলছেন, তখনই একটি বিশ্বাসের জায়গা তৈরি হবে।” সেই লক্ষ্যেই চার্জশিট হাতে নিয়ে বাড়ি বাড়ি পৌঁছনোর পরিকল্পনা।

তৃণমূলের কটাক্ষ, গুরুত্ব দিতে নারাজ শাসকদল

বিজেপির এই উদ্যোগকে কার্যত উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের এক মুখপাত্রের কটাক্ষ, “পাড়ার সমস্যা জানতে হলে মানুষের পাশে থাকতে হয় সারা বছর। বিজেপি চার্জশিট বিলি করলেই বাস্তব বদল হবে না। চাইলে ওরা চার্জশিটের সঙ্গে অ্যারেস্ট ওয়ারেন্টও ছাপাতে পারে।

বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল সরকারের বিরুদ্ধে নতুন কৌশলে নামছে বিজেপি। বড় ইস্যুর পাশাপাশি পাড়া-পড়শির দৈনন্দিন সমস্যা তুলে ধরে বিধানসভাভিত্তিক ‘চার্জশিট’ তৈরি করেছে গেরুয়া শিবির। ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে এই অভিযোগপত্র। যদিও এই উদ্যোগকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।

Leave a comment