নয়া প্রধান বিচারপতি পেল কলকাতা হাই কোর্ট, দায়িত্বে বিচারপতি সুজয় পাল

নয়া প্রধান বিচারপতি পেল কলকাতা হাই কোর্ট, দায়িত্বে বিচারপতি সুজয় পাল

কলকাতা হাই কোর্টে নতুন প্রধান বিচারপতি নিয়ে জল্পনার অবসান। দীর্ঘদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বে থাকা বিচারপতি সুজয় পাল এবার আনুষ্ঠানিকভাবে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।

কলেজিয়ামের সুপারিশে চূড়ান্ত নিয়োগ

গত ৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের কলেজিয়াম বৈঠকে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি সুজয় পালের নাম সুপারিশ করা হয়। সেই সুপারিশ কার্যকর হওয়ার পরই তাঁর নামেই চূড়ান্ত সিলমোহর পড়ে।

কীভাবে এল এই নিয়োগ?

২০২৫ সালের সেপ্টেম্বর মাসে অবসরগ্রহণ করেন তৎকালীন প্রধান বিচারপতি টি শিবজ্ঞানম। তাঁর অবসরের পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পান বিচারপতি সৌমেন সেন।পরবর্তীতে তাঁকে মেঘালয় হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবে সুপারিশ করা হলে তিনি কলকাতা ছাড়েন। এরপরই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পান বিচারপতি সুজয় পাল।

বিচারপতি সুজয় পালের বিচারজীবন

বিচারপতি সুজয় পালের বেড়ে ওঠা মধ্যপ্রদেশে। তাঁর প্রাথমিক শিক্ষা জব্বলপুরের স্কুলে। এলএলবি পাশ করার পর দীর্ঘদিন আইনজীবী হিসেবে কাজ করেন তিনি।২০১১ সাল থেকে তিনি মধ্যপ্রদেশ হাই কোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০২৫ সালের জুলাই মাসে তাঁকে কলকাতা হাই কোর্টে বদলি করা হয়।

কলকাতা হাই কোর্টে নতুন অধ্যায়

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে প্রশাসনিক ও বিচারিক দায়িত্ব দক্ষতার সঙ্গে সামলানোর পর এবার স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি সুজয় পালের উপরই ভরসা রাখল শীর্ষ আদালত। তাঁর নেতৃত্বে কলকাতা হাই কোর্টের বিচারব্যবস্থায় নতুন গতি আসবে বলেই মনে করছেন আইনমহলের একাংশ।

কলকাতা হাই কোর্টে দীর্ঘ প্রতীক্ষার অবসান। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলানোর পর এবার স্থায়ীভাবে প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন বিচারপতি সুজয় পাল। সুপ্রিম কোর্টের কলেজিয়াম তাঁর নাম সুপারিশ করার পরই এই নিয়োগে সিলমোহর পড়ে।

Leave a comment