বয়স লুকোতে সাজছেন? মেকআপ ছাড়াই তারুণ্য ধরে রাখার সহজ ও কার্যকর উপায় জানুন

বয়স লুকোতে সাজছেন? মেকআপ ছাড়াই তারুণ্য ধরে রাখার সহজ ও কার্যকর উপায় জানুন

কপালের ভাঁজ, চোখের কোণে বলিরেখা কিংবা মুখে ক্লান্তির ছাপ—এই সব দেখেই কি আয়নার সামনে অস্বস্তি বাড়ছে? তাই বয়স ঢাকতে ফাউন্ডেশন, কনসিলারের উপর কনসিলার? বিশেষজ্ঞরা বলছেন, এই পথ ক্ষণস্থায়ী। বরং মেকআপ ছাড়াই কিছু সহজ অভ্যাসে দীর্ঘদিন ধরে রাখা যায় তারুণ্য।

ঘুমই ত্বকের প্রথম চিকিৎসা

ত্বক বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন অন্তত ৭–৮ ঘণ্টা গভীর ঘুম অত্যন্ত জরুরি। ঘুমের সময়ই ত্বকের কোষ নিজেকে মেরামত করে। কম ঘুমোলে চোখের নিচে ডার্ক সার্কেল, মুখে ক্লান্ত ভাব এবং বলিরেখা আরও স্পষ্ট হয়ে ওঠে।

ত্বকের শুষ্কতাই বলিরেখার মূল কারণ

ত্বক যত শুষ্ক হবে, বলিরেখা তত বেশি চোখে পড়বে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দিনে ৩ থেকে সাড়ে ৩ লিটার জল পান করলে ত্বক ভিতর থেকে আর্দ্র থাকে এবং স্বাভাবিক উজ্জ্বলতা বজায় থাকে।

মন ভালো থাকলেই মুখে তারুণ্য

অনেক সময় মানসিক চাপ ও দুশ্চিন্তার ছাপ সরাসরি মুখে পড়ে। তার থেকেই অকাল বলিরেখা দেখা দেয়। তাই মন ভালো রাখা অত্যন্ত জরুরি।মেডিটেশন, হালকা শরীরচর্চা, যোগব্যায়াম কিংবা পছন্দের কাজে সময় কাটালে মানসিক প্রশান্তি বাড়ে, যা ত্বকেও ইতিবাচক প্রভাব ফেলে।

খাদ্যাভ্যাস বদলালেই বদলাবে ত্বক

চিনি ও ফাস্ট ফুডে আসক্ত হলে অকাল বার্ধক্য অনিবার্য। ত্বক তরুণ রাখতে খাদ্যতালিকায় রাখুন—

টাটকা ফল

সবুজ শাকসবজি

বাদাম ও বীজ

এই খাবারগুলি অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর, যা ত্বককে ভিতর থেকে মজবুত ও উজ্জ্বল রাখে।

অতিরিক্ত ফেসওয়াশ নয়, কম ব্যবহারই ভালো

দিনে বারবার ফেসওয়াশ ব্যবহার করলে ত্বকের স্বাভাবিক তেল নষ্ট হয়। বিশেষজ্ঞদের মতে, দিনে মাত্র ২ বার মাইল্ড ক্লিনজার ব্যবহার করাই যথেষ্ট।

ভঙ্গিতেই ধরা পড়ে বয়স

হাঁটা, বসা বা দাঁড়ানোর ভঙ্গিতেও বয়স প্রকাশ পায়। সোজা হয়ে হাঁটুন, শরীরের ভঙ্গি ঠিক রাখুন। এতে আত্মবিশ্বাস বাড়ে এবং আপনাকে দেখতেও অনেক বেশি তরুণ লাগে।

সূর্যই ত্বকের সবচেয়ে বড় শত্রু

সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর। অতিরিক্ত রোদে ত্বকে

রিঙ্কল

ডার্ক স্পট

ত্বক ঝুলে যাওয়ার সমস্যা

দেখা দেয়। বাইরে বেরোনোর আগে সানস্ক্রিন ব্যবহার করা বাধ্যতামূলক।

মেকআপ কি একেবারেই নয়?

একেবারেই না। নিজের স্কিন টাইপ বুঝে হালকা ও মানানসই মেকআপ ব্যবহার করতেই পারেন। তবে শুধু মেকআপে বয়স লুকোনো সম্ভব নয়। লাইফস্টাইল বদলালেই প্রকৃত তারুণ্য ধরা দেবে মুখে।

আয়নায় বাড়তে থাকা বলিরেখা, চোখের কোণের ভাঁজ বা মুখের ক্লান্তি ঢাকতে ভরসা করছেন ভারী মেকআপে? ত্বক বিশেষজ্ঞদের মতে, মেকআপ নয়—সঠিক জীবনযাপনই বয়স লুকোনোর আসল চাবিকাঠি। পর্যাপ্ত ঘুম, জলপান, মানসিক শান্তি ও সঠিক খাদ্যাভ্যাসেই স্বাভাবিকভাবে ত্বককে রাখা যায় তরুণ ও সতেজ।

Leave a comment