শীত এলেই ত্বকের শুষ্কতা, রুক্ষতা আর চুল পড়ার সমস্যা বেড়ে যায়। এই সময় আমরা সাধারণত ডাবের জল এড়িয়ে চলি, কারণ অনেকের ধারণা এটি শুধু গরমের পানীয়। কিন্তু বিশেষজ্ঞদের মতে, শীতকালেই ডাবের জল হতে পারে শরীর ও ত্বকের সবচেয়ে বড় বন্ধু।
শীতেও ত্বক থাকবে ময়শ্চারাইজড
ডাবের জলে রয়েছে প্রাকৃতিক ময়শ্চারাইজিং উপাদান। নিয়মিত পান করলে এটি শরীরকে ভেতর থেকে হাইড্রেট রাখে, ফলে ত্বকের শুষ্কতা কমে এবং স্বাভাবিক উজ্জ্বলতা বজায় থাকে। শীতে ফাটা ত্বক ও ঠোঁটের সমস্যাও অনেকটাই কমে।
চুলের স্বাস্থ্যেও ডাবের অবদান
ডাবের জলে থাকা পুষ্টিগুণ চুলের গোড়া মজবুত করে। শীতে চুল রুক্ষ ও প্রাণহীন হয়ে পড়লেও ডাবের জল নিয়মিত খেলে চুলে আর্দ্রতা বজায় থাকে এবং চুল পড়ার সমস্যাও নিয়ন্ত্রণে আসে।
রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়ক
বিশেষজ্ঞদের মতে, ডাবের জলে থাকা পটাসিয়াম শরীরের অতিরিক্ত সোডিয়ামের প্রভাব কমায়। ফলে উচ্চ রক্তচাপ ও খারাপ কোলেস্টেরলের ঝুঁকি কমে। শীতকালে হার্টের যত্নে ডাবের জল হতে পারে নিরাপদ পছন্দ।
কিডনি পরিষ্কারে কার্যকর
চিকিৎসক জে এন হালদারের মতে, ডাবের জল শরীর থেকে টক্সিন ও বর্জ্য বের করতে সাহায্য করে। এর ডায়ুরেটিক গুণ কিডনির কাজকে সক্রিয় রাখে এবং ইউরিন সংক্রান্ত সমস্যার ঝুঁকি কমায়।
শীতে শরীর হাইড্রেট রাখতে দারুণ
শীতকালে কম জল খাওয়ার ফলে শরীর সহজেই ডিহাইড্রেট হয়ে পড়ে। ডাবের জলে থাকা সোডিয়াম, পটাসিয়াম ও ম্যাগনেসিয়াম শরীরের ইলেক্ট্রোলাইট ব্যালান্স বজায় রাখতে সাহায্য করে, বিশেষ করে অসুস্থতা বা ব্যায়ামের পর।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
ডাবের জলে রয়েছে ভিটামিন B1, B2, B6 এবং ভিটামিন C। এই উপাদানগুলি মেটাবলিজম ঠিক রাখে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, যা শীতকালে খুবই প্রয়োজনীয়।
হজম শক্তিশালী করে
ডাবের জলে থাকা বিশেষ এনজাইম প্রোটিন ভাঙতে সাহায্য করে। ফলে হজম প্রক্রিয়া উন্নত হয় এবং শরীর পুষ্টি উপাদান আরও ভালোভাবে শোষণ করতে পারে।
শীতকালে ত্বক শুষ্ক হয়ে যাওয়ার সমস্যা প্রায় সকলেরই। কিন্তু জানেন কি, শুধু গরমে নয়—শীতেও নিয়মিত ডাবের জল খেলে ত্বকের আর্দ্রতা বজায় থাকে? ত্বক, চুল, হার্ট থেকে কিডনি—সব কিছুর জন্যই শীতকালে ডাবের উপকারিতা জানলে অবাক হবেন।













