ছোটখাটো সংক্রমণ হলেই অনেকেই নিজের মতো করে অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলেন। বিশেষ করে ডক্সিসাইক্লিন বহু ক্ষেত্রে ‘সেফ’ বলে ধরে নেওয়া হয়। কিন্তু এবার সেই ধারণায় বড় ধাক্কা। কেন্দ্রীয় ড্রাগ নিয়ন্ত্রক সংস্থার তরফে জানানো হয়েছে, ডক্সিসাইক্লিন যুক্ত ওষুধে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। ফলে চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ সেবন বিপজ্জনক হতে পারে।
স্নায়ুতন্ত্রে প্রভাবের আশঙ্কা
স্বাস্থ্য মহলের একাংশের মতে, ডক্সিসাইক্লিন গ্রহণের পর কিছু ক্ষেত্রে হঠাৎ উদ্বেগ, অস্থিরতা, খিটখিটে মেজাজ, মাথা ঘোরা এমনকি আচরণগত পরিবর্তনের মতো উপসর্গ দেখা গিয়েছে। এগুলি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপর প্রভাবের ফল হতে পারে বলেই মনে করা হচ্ছে। যদিও সব রোগীর ক্ষেত্রে এমন হয় না, তবুও ঝুঁকির কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
![]()
কোন কোন রোগে ব্যবহৃত হয় এই ওষুধ?
ফুসফুসের সংক্রমণ, ত্বকের সংক্রমণ, ইউটিআই (মূত্রনালীর সংক্রমণ), ব্রণ, কলেরা, সিফিলিস-সহ একাধিক ব্যাকটেরিয়াল সংক্রমণে ডক্সিসাইক্লিন অত্যন্ত কার্যকর। বহু চিকিৎসক দীর্ঘদিন ধরে এটি প্রেসক্রাইব করে আসছেন। কিন্তু এখন নতুন সতর্কবার্তার পর প্রেসক্রিপশনের আগে আরও সতর্কতা প্রয়োজন বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
চিকিৎসকদের জন্য বিশেষ নির্দেশ
Central Drugs Standard Control Organization-এর তরফে স্পষ্ট জানানো হয়েছে, ডক্সিসাইক্লিন প্রেসক্রাইব করার আগে রোগী ও তাঁর পরিবারের সদস্যদের সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয়ে অবহিত করতে হবে। বিশেষত যাঁদের মানসিক স্বাস্থ্যের পূর্ব ইতিহাস রয়েছে, তাঁদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
ওষুধ কোম্পানিগুলির উপর কড়া নির্দেশ
কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, প্রত্যেক ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে ডক্সিসাইক্লিন যুক্ত ওষুধের স্ট্রিপ বা প্যাকেটে স্নায়বিক পার্শ্বপ্রতিক্রিয়ার সতর্কবার্তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। যাতে রোগীরা ওষুধ কেনার সময়ই সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন হন।
রাজ্য ড্রাগ কন্ট্রোল দফতরগুলিকে চিঠি
এই নির্দেশ কার্যকর করতে দেশের সমস্ত রাজ্যের ড্রাগ কন্ট্রোল দফতরগুলিকে চিঠি পাঠানো হয়েছে। নজরদারি জোরদার করার পাশাপাশি বাজারে থাকা ওষুধের লেবেলিং নিয়ম মেনে হচ্ছে কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।
অ্যান্টিবায়োটিক হিসেবে বহুল ব্যবহৃত ডক্সিসাইক্লিন নিয়ে বড় সতর্কবার্তা জারি করল Central Drugs Standard Control Organization (CDSCO)। কেন্দ্রীয় সংস্থার দাবি, এই ওষুধে মারাত্মক স্নায়বিক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। চিকিৎসকদের রোগীকে আগাম সতর্ক করার নির্দেশ দেওয়া হয়েছে, পাশাপাশি ওষুধ কোম্পানিগুলিকেও প্যাকেটে স্পষ্ট সতর্কীকরণ উল্লেখ করতে বলা হয়েছে।








