বড়দিনের সকালে আতঙ্ক! লোকালয়ে দাঁতাল হাতির তাণ্ডব, মৃত্যু ১, গুরুতর আহত ২

Elephant Attack in Falakata: বড়দিনের সকালে লোকালয়ে ঢুকে পড়া দাঁতাল হাতির হামলায় মৃত্যু এক ব্যক্তির, আহত আরও দু’জন। এলাকায় চরম আতঙ্ক, বন দপ্তরের কড়া নজরদারি।

Elephant Attack: উৎসবের আনন্দের মাঝেই ভয়াবহ ঘটনা। বড়দিনের কুয়াশা মোড়া সকালে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর এলাকায় লোকালয়ে হানা দিল দাঁতাল হাতি। হাতির আক্রমণে প্রাণ হারালেন এক ব্যক্তি, আহত হলেন দু’জন। ঘটনার পর থেকেই এলাকায় চরম আতঙ্কের পরিবেশ।

কুয়াশার আড়ালে আচমকা গজরাজের হানা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল প্রায় ৬টা নাগাদ একটি বিশাল দাঁতাল হাতি আচমকাই জটেশ্বর মাদ্রাসাপাড়ায় ঢুকে পড়ে। কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় অনেকেই প্রথমে বিষয়টি বুঝতে পারেননি। মুহূর্তের মধ্যেই হাতিটি একটি মাছের বরফ কারখানির সামনে দাঁড়িয়ে থাকা গাড়ি ভাঙচুর শুরু করে। শব্দ শুনে লোকজন বেরোতেই শুরু হয় আতঙ্ক।

রামকৃষ্ণ পল্লীতে জখম দু’জন

এরপর হাতিটি হেদায়েতনগর রামকৃষ্ণ পল্লীর দিকে এগিয়ে যায়। সেখানে টুম্পা দেবনাথ নামে এক মহিলা হাতির হানায় গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা কোনওমতে তাঁকে উদ্ধার করে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। একই এলাকায় এক ভ্যানচালকও হাতির আক্রমণে আহত হন। দু’জনেরই চিকিৎসা চলছে বলে হাসপাতাল সূত্রে খবর।

ব্যাংকান্দিতে প্রাণহানি, মৃতের নাম পবিত্র রায়

সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটে ব্যাংকান্দি এলাকায়। সেখানে হাতির হামলায় মৃত্যু হয় পবিত্র রায় নামে এক ব্যক্তির। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনদপ্তরের কর্মী ও জটেশ্বর ফাঁড়ির পুলিশ। পরে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এলাকাজুড়ে আতঙ্ক, এখনও হাতির দল ঘোরাফেরা করছে

এই ঘটনার পর গোটা ফালাকাটা ও সংলগ্ন এলাকায় চরম চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, এখনও ওই এলাকায় হাতির দল ঘোরাফেরা করছে। ফলে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। জলদাপাড়া বন বিভাগের আধিকারিকরা পরিস্থিতির উপর নজর রাখছেন এবং মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হবে বলে জানিয়েছেন।

বড়দিনের সকালে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় লোকালয়ে ঢুকে পড়ে একটি দাঁতাল হাতি। আচমকা হামলায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও দু’জন। ঘটনায় গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

Leave a comment