চুলে তেল মাখলেই পরিচর্যা শেষ নয়। বরং তেল লাগানোর পর চুল কীভাবে সামলাচ্ছেন, তার উপরও অনেকটা নির্ভর করে চুলের স্বাস্থ্য। অনেকেই তেল দেওয়ার সময় জোরে জোরে স্ক্যাল্প ঘষেন, আবার কেউ তেল মাখার পরপরই চিরুনি চালিয়ে দেন। এমন কিছু অভ্যাস চুলে জট, ভাঙন কিংবা পড়ার সমস্যা বাড়িয়ে দিতে পারে। তাই তেল দেওয়ার সময় এই ৫টি ভুল থেকে দূরে থাকুন।
তেল লাগিয়ে জোরে মাথা ঘষবেন না
চুলে তেল দেওয়ার সময় স্ক্যাল্প ম্যাসাজ করা অনেকেরই অভ্যাস। কিন্তু ম্যাসাজ করতে গিয়ে চুলের গোড়া বা লম্বা অংশ জোরে ঘষলে চুলে জট তৈরি হতে পারে এবং ভেঙে যাওয়ার ঝুঁকিও বাড়তে পারে।তাই তেল লাগানোর সময় আঙুলের ডগা দিয়ে আলতো হাতে স্ক্যাল্প ম্যাসাজ করুন। চুল টেনে বা জোরে ঘষে তেল মাখার প্রয়োজন নেই।
বেশি তেল মানেই বেশি উপকার নয়
চুলে বেশি তেল মাখলেই যে বেশি উপকার পাওয়া যাবে, এমনটা নয়। অতিরিক্ত তেলে চুল ভারী, চটচটে ও ময়লাযুক্ত হয়ে যেতে পারে। পরে সেই তেল পরিষ্কার করতে বারবার শ্যাম্পু করার প্রয়োজন হতে পারে।চুলের দৈর্ঘ্য এবং স্ক্যাল্পের ধরন অনুযায়ী প্রয়োজনমতো তেল ব্যবহার করাই ভালো। মাথা পুরোপুরি তেলে ভিজিয়ে ফেলাকে চুলের যত্নের মাপকাঠি ভাববেন না।
তেল দেওয়ার পরই চিরুনি চালাবেন না
তেল মাখার সঙ্গে সঙ্গেই চুল আঁচড়ানোর অভ্যাস থাকলে তা বদলানো ভালো। বিশেষ করে চুলে যদি আগে থেকেই জট থাকে, তাহলে তেল দেওয়ার পর জোর করে চিরুনি চালালে চুল ছিঁড়ে বা ভেঙে যেতে পারে।চুল আঁচড়ানোর প্রয়োজন হলে কিছুটা সময় অপেক্ষা করুন। তারপর চওড়া দাঁতের চিরুনি দিয়ে ধীরে ধীরে জট ছাড়ান। জোর করে চিরুনি টানবেন না।
সারারাত বা দীর্ঘক্ষণ তেল রেখে দেবেন না
অনেকের ধারণা, যত বেশি সময় তেল মাথায় থাকবে, তত বেশি উপকার হবে। কিন্তু দীর্ঘক্ষণ তেল মাখা অবস্থায় থাকার প্রয়োজন সবসময় নেই।বিশেষ করে স্ক্যাল্পে ঘাম ও ময়লা জমার প্রবণতা থাকলে দীর্ঘ সময় তেল রেখে দিলে অস্বস্তি হতে পারে। তাই নিজের চুল ও মাথার ত্বকের ধরন অনুযায়ী তেল লাগানোর সময় ঠিক করুন এবং পরে ভালোভাবে পরিষ্কার করুন।
তেল মাখা চুলে বারবার হাত দেবেন না
তেল দেওয়ার পর চুলে বারবার হাত দেওয়া, টানা কিংবা অকারণে নাড়াচাড়া করার অভ্যাসও এড়িয়ে চলুন। তেল লাগানো অবস্থায় চুল কিছুটা ভারী থাকে। ফলে অতিরিক্ত টানাটানিতে জট তৈরি হতে পারে এবং চুল ভেঙে যাওয়ার সম্ভাবনা বাড়তে পারে।তাই তেল দেওয়ার পর চুলকে যতটা সম্ভব আলতোভাবে সামলান। অপ্রয়োজনীয়ভাবে চুল টানা বা ঘষাঘষি করবেন না।
চুলের যত্নে তেল ব্যবহার করেন কমবেশি সকলেই। কিন্তু তেল মাখার পর ভুলভাবে মাথা ঘষা, প্রয়োজনের চেয়ে বেশি তেল ব্যবহার, সঙ্গে সঙ্গে চুল আঁচড়ানো কিংবা অনেকক্ষণ তেল রেখে দেওয়ার মতো অভ্যাসে চুলের ক্ষতি হতে পারে। তাই তেল দেওয়ার পর কোন ৫টি ভুল এড়িয়ে চলা উচিত, জেনে নিন।













