চলতি বছর দোল উৎসব ৩ মার্চ, মঙ্গলবার। সোমবার ম্যানেজ করতে পারলে মিলতে পারে টানা চার দিনের ছুটি। অনেকেই এই সুযোগে পাহাড় বা সমুদ্রের দিকে রওনা দেন। তবে যারা রঙের উৎসবের ভিড় এড়িয়ে নিরিবিলি প্রকৃতির মাঝে কয়েকটা দিন কাটাতে চান, তাঁদের জন্য ডুয়ার্সের কিছু অফবিট স্পট হতে পারে একদম পারফেক্ট চয়েস।
চামুর্চি (চামুচি) ইকোপার্ক: ভুটান পাহাড়ের কোলে শান্তির ঠিকানা
ভুটান পাহাড়ের পাদদেশে অবস্থিত এই ইকোপার্ক সবুজে মোড়া বিস্তীর্ণ প্রান্তর ও নীল পাহাড়ের দৃশ্যের জন্য পরিচিত। নির্মল বাতাস আর গ্রামীণ পরিবেশ মনকে সতেজ করে। এখানে থাকার ব্যবস্থাও রয়েছে। ভিড় ছাড়া কয়েকটা দিন কাটাতে চাইলে আদর্শ স্পট।
বক্সা জয়ন্তী ও বক্সা দুর্গ: ইতিহাস ও অ্যাডভেঞ্চারের মেলবন্ধন
বক্সা টাইগার রিজার্ভের অন্তর্গত বক্সা দুর্গ ৮৬৭ মিটার উচ্চতায় অবস্থিত। জঙ্গলের ভিতর দিয়ে ট্রেকিং করে দুর্গে পৌঁছতে হয়। জয়ন্তী নদীর পাথুরে তীর ও পাহাড়ঘেরা নীরব পরিবেশ ভ্রমণকে করে তোলে রোমাঞ্চকর। নিকটতম রেলস্টেশন আলিপুরদুয়ার জংশন।
গোরুমারা জাতীয় উদ্যান: বন্যপ্রাণ ও সবুজের সমারোহ
ডুয়ার্সের অন্যতম জনপ্রিয় বনভূমি গোরুমারা জাতীয় উদ্যান এক শিংওয়ালা গণ্ডারের জন্য বিখ্যাত। জিপ সাফারি ও ওয়াচ টাওয়ার থেকে বন্যপ্রাণ দেখার সুযোগ রয়েছে। মালবাজার নিকটতম রেলস্টেশন। প্রকৃতি ও নীরবতার অপূর্ব মেলবন্ধন এখানে।
সামসিং ও সুন্তালেখোলা: চা-বাগান আর ঝুলন্ত সেতুর টান
প্রায় ৩,০০০ ফুট উচ্চতায় অবস্থিত সামসিং ছোট্ট পাহাড়ি গ্রাম। সবুজ চা-বাগান ও বনভূমি ঘেরা এই এলাকা শান্ত পরিবেশের জন্য পরিচিত। কাছেই সুন্তালেখোলা, যেখানে মূর্তি নদীর উপর ঝুলন্ত সেতু বড় আকর্ষণ। নির্জনে সময় কাটানোর জন্য চমৎকার বিকল্প।
ঝালং, বিন্দু ও জলঢাকা: সীমান্তের নীরব সৌন্দর্য
ভারত-ভুটান সীমান্ত সংলগ্ন ঝালং ও বিন্দু প্রকৃতির অপার সৌন্দর্যে ভরপুর। জলঢাকা নদীর কলকল ধ্বনি, পাহাড়ি রাস্তা ও চা-বাগান এক মনোরম পরিবেশ তৈরি করেছে। পাখিপ্রেমীদের জন্য স্বর্গরাজ্য। তুলনামূলক কম ভিড় থাকায় নিরিবিলি পরিবেশ বজায় থাকে।
দক্ষিণ খয়েরবাড়ি: প্রাণী উদ্ধার কেন্দ্রের অভিজ্ঞতা
মাদারিহাটের কাছে অবস্থিত দক্ষিণ খয়েরবাড়ি উত্তরবঙ্গের প্রথম প্রাণী উদ্ধার কেন্দ্র। ব্যাটারি চালিত গাড়িতে আধা-প্রাকৃতিক পরিবেশে উদ্ধারকৃত বন্যপ্রাণীদের দেখা যায়। ভিড় কম থাকায় শান্তভাবে ঘোরার সুযোগ মেলে।
প্যারেন: সীমান্তগ্রামের নির্জন স্বর্গ
ঝালং যাওয়ার পথে অবস্থিত প্যারেন এক শান্ত সীমান্তগ্রাম। চারদিকে ঘন জঙ্গল, জলঢাকা নদীর শব্দ আর পাখির ডাক— প্রকৃত নির্জনতা খুঁজে পাওয়ার আদর্শ জায়গা। শিলিগুড়ি থেকে প্রায় ১১২ কিলোমিটার দূরে অবস্থিত।
দোল উৎসবে টানা চার দিনের ছুটির সুযোগ। ভিড় এড়িয়ে নির্জনে সময় কাটাতে চাইলে ডুয়ার্স হতে পারে আদর্শ গন্তব্য। চামুর্চি ইকোপার্ক থেকে প্যারেন— প্রকৃতির সান্নিধ্যে কাটানোর জন্য রইল ৭টি শান্ত ও সুন্দর জায়গার হদিশ।













