ঘর সাজাতে নতুন আসবাব বা বড়সড় রিনোভেশন সবসময় সম্ভব হয় না। কিন্তু জানেন কি, শুধুমাত্র পর্দা ঠিকঠাক বাছাই করলেই পুরো ঘরের চেহারা বদলে যেতে পারে? ইন্টেরিয়র বিশেষজ্ঞদের মতে, পর্দার রঙ ও নকশা ঘরের সৌন্দর্যে সবচেয়ে বড় প্রভাব ফেলে।
পর্দা কেন শুধু ঢাকার জন্য নয়
পর্দা কেবল জানালা বা দরজা ঢাকার উপকরণ নয়। এটি ঘরের সাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। সঠিক পর্দা ঘরকে পরিপাটি ও ভারসাম্যপূর্ণ করে তোলে, আবার ভুল বাছাই গোটা সাজকেই এলোমেলো করে দিতে পারে।
দেয়ালের রঙ বুঝেই শুরু করুন
বাজারে নানা রঙ ও নকশার পর্দা থাকায় অনেকেই বিভ্রান্ত হন। প্রথমেই ঘরের দেয়াল ও আসবাবের রঙ লক্ষ্য করা জরুরি। দেয়ালের সঙ্গে একেবারেই বেমানান রঙের পর্দা ঘরে অস্বস্তিকর অনুভূতি তৈরি করে।
দেয়ালের রঙের সঙ্গে মিলই সেরা
ইন্টেরিয়র ডিজাইনার সাহিদ আলমের মতে, দেয়ালের মতো একই রঙ বা তার চেয়ে এক শেড গাঢ় রঙের পর্দা সবচেয়ে মানানসই। এতে ঘরের মধ্যে একটি সুন্দর ভারসাম্য বজায় থাকে এবং সাজ দেখতেও পরিপাটি লাগে।
আধুনিক লুক চাইলে নকশায় নজর দিন
যাঁরা আধুনিক ও স্মার্ট লুক চান, তারা হালকা রঙের লাইন, চেক বা জ্যামিতিক নকশার পর্দা ব্যবহার করতে পারেন। এই ধরনের প্যাটার্ন ঘরকে রুচিশীল করে তোলে, আবার চোখে অতিরিক্ত চাপও ফেলে না।
রঙে আনুন উষ্ণতার ছোঁয়া
ঘরের আলো-বাতাস ও দেয়ালের আকৃতির উপর নির্ভর করে বাদামি, মেরুন, লালচে কমলা বা চকোলেট রঙের প্রিন্টেড পর্দা দারুণ মানিয়ে যায়। এই রঙগুলি ঘরে উষ্ণ ও আরামদায়ক পরিবেশ তৈরি করে।
বেডরুমের জন্য আলাদা ভাবনা
বেডরুমে পর্দা বাছাইয়ের সময় আরাম ও গোপনীয়তাই প্রধান। সুতি কাপড়ের একটু ভারী পর্দা সবচেয়ে উপযুক্ত। এতে আলো নিয়ন্ত্রণ করা যায়, আবার বাতাস চলাচলও বাধাপ্রাপ্ত হয় না।
ঘরের সাজে সামান্য পরিবর্তন আনতে চাইলে সবচেয়ে সহজ উপায় হল সঠিক পর্দা নির্বাচন। রঙ, কাপড় ও নকশার সঠিক মেলবন্ধনেই সাধারণ ঘর হয়ে উঠতে পারে ঝকঝকে ও রুচিশীল।













