বাজার থেকে এক প্যাকেট পাউরুটি কিনে আনার পর অনেক সময় কয়েক দিনের মধ্যেই তার নরম ভাব উধাও হয়ে যায়। কখনও রুটি শক্ত হয়ে যায়, কখনও আবার দেখা দেয় ছত্রাক। তখন অনেকেই দোষ দেন পাউরুটির গুণগত মানকে। কিন্তু সংরক্ষণের ভুল পদ্ধতিও এর অন্যতম কারণ হতে পারে। বিশেষ করে সাধারণ ফ্রিজে পাউরুটি রাখলে তার স্বাদ ও গঠনে পরিবর্তন আসতে পারে। তাই পাউরুটি দীর্ঘদিন ভালো রাখতে কোন ভুলগুলি এড়িয়ে চলবেন, জেনে নিন।
সাধারণ ফ্রিজে পাউরুটি রাখার অভ্যাস
পাউরুটি সংরক্ষণের ক্ষেত্রে সবচেয়ে পরিচিত ভুল হল সাধারণ ফ্রিজে রেখে দেওয়া। ফ্রিজের ঠান্ডা পরিবেশে পাউরুটির স্টার্চের গঠন দ্রুত বদলাতে পারে। এর ফলে রুটি শক্ত ও শুকনো হয়ে যায়। বিশেষ করে সদ্য তৈরি বেকারির পাউরুটি এবং বাড়িতে বানানো ব্রেডের ক্ষেত্রে এই পরিবর্তন বেশি বোঝা যায়।তবে পরিবেশে আর্দ্রতা বেশি থাকলে বা দ্রুত ছত্রাক ধরার আশঙ্কা থাকলে ফ্রিজে রাখা যেতে পারে। সে ক্ষেত্রে পাউরুটি ভালোভাবে মোড়কে ভরে রাখুন এবং খাওয়ার আগে তার অবস্থা পরীক্ষা করুন।
খোলা অবস্থায় পাউরুটি ফেলে রাখা
পাউরুটি প্যাকেট থেকে বের করে খোলা অবস্থায় রেখে দিলে বাতাসের সংস্পর্শে তার আর্দ্রতা কমে যায়। ফলে রুটি দ্রুত শুকিয়ে শক্ত হয়ে পড়ে। আবার রান্নাঘরের গরম জায়গা কিংবা সরাসরি সূর্যের আলোয় রাখলেও পাউরুটির গুণমান নষ্ট হতে পারে।
তাই পাউরুটি সবসময় তার প্যাকেটের মুখ ভালোভাবে বন্ধ করে রাখুন। বেকারির খোলা পাউরুটি হলে পরিষ্কার ও বায়ুরোধী পাত্রে রাখতে পারেন। ব্রেড বক্সও এ ক্ষেত্রে ভালো বিকল্প।
প্রয়োজনের তুলনায় বেশি পাউরুটি কিনে ফেলা
অনেক সময় একসঙ্গে বেশি পাউরুটি কিনে রাখা হয়। কিন্তু কয়েক দিনের মধ্যে খাওয়া সম্ভব না হলে বাকি অংশ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। বেকারির তাজা পাউরুটি সাধারণত ২–৩ দিনের মধ্যে খেয়ে ফেলা ভালো। তবে প্যাকেটজাত ব্রেডের ক্ষেত্রে প্যাকেটের মেয়াদ ও সংরক্ষণের নির্দেশ অবশ্যই দেখে নিন।যদি বেশি দিন রাখতে চান, তাহলে সাধারণ ফ্রিজের বদলে ফ্রিজারে সংরক্ষণ করতে পারেন।
পাউরুটি দীর্ঘদিন ভালো রাখতে কী করবেন?
ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখুন: পাউরুটি এমন জায়গায় রাখুন যেখানে সরাসরি রোদ বা অতিরিক্ত তাপ লাগে না। রান্নার চুলার পাশেও রাখবেন না।
ব্রেড বক্স ব্যবহার করুন: পরিষ্কার ও শুকনো ব্রেড বক্সে পাউরুটি রাখলে ধুলোবালি ও অতিরিক্ত বাতাসের সংস্পর্শ কমে।
ফ্রিজারে সংরক্ষণ করুন: বেশ কয়েক দিন বা সপ্তাহ ধরে পাউরুটি রাখতে চাইলে ছোট ছোট ভাগে কেটে ভালোভাবে মোড়কে জড়িয়ে ফ্রিজার ব্যাগে রাখুন। এতে প্রয়োজনমতো কয়েকটি স্লাইস বের করে ব্যবহার করা যাবে।
ফ্রিজারে রাখলে কতদিন ভালো থাকে?
সঠিকভাবে মোড়কে ভরে ফ্রিজারে রাখলে পাউরুটি প্রায় ২–৩ মাস পর্যন্ত ভালো মান বজায় রাখতে পারে। প্রথমে পাউরুটি প্লাস্টিক র্যাপ বা উপযুক্ত ফুড-গ্রেড মোড়কে জড়িয়ে নিন। এরপর ফ্রিজার ব্যাগে ভরে রাখুন। প্যাকেটে সংরক্ষণের তারিখ লিখে রাখলে সুবিধা হবে।খাওয়ার আগে প্রয়োজনীয় স্লাইস বের করে ঘরের তাপমাত্রায় গলিয়ে নিতে পারেন। চাইলে টোস্টারেও গরম করে নেওয়া যায়। তবে বারবার গলিয়ে আবার ফ্রিজারে রাখবেন না।
পাউরুটিতে ছত্রাক দেখলে কী করবেন?
পাউরুটিতে সামান্য ছত্রাক দেখা গেলেও শুধু সেই অংশ কেটে বাদ দিয়ে বাকি অংশ খাওয়া নিরাপদ নয়। কারণ ছত্রাকের সূক্ষ্ম অংশ চোখে দেখা না গেলেও পাউরুটির ভিতরে ছড়িয়ে থাকতে পারে। তাই ছত্রাক দেখা গেলে পুরো প্যাকেটের পাউরুটিই ফেলে দিন।
সকালের জলখাবার হোক কিংবা বিকেলের টিফিন, পাউরুটি প্রায় প্রতিটি বাড়িতেই জনপ্রিয়। অনেকেই পাউরুটি বেশিদিন ভালো রাখার জন্য সাধারণ ফ্রিজে রেখে দেন। কিন্তু এতে পাউরুটি দ্রুত শক্ত ও শুকনো হয়ে যেতে পারে। সঠিক জায়গায় রাখা, বাতাস থেকে দূরে রাখা এবং প্রয়োজনে ফ্রিজারে সংরক্ষণ করাই পাউরুটি ভালো রাখার কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশল।










