এসআইআর (SIR) চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই হাওড়া জেলায় নিরাপত্তা জোরদার করল প্রশাসন। শনিবার গ্রামীণ হাওড়ার পাঁচলা এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হয়েছে। সম্ভাব্য উত্তেজনা রুখতেই রাজ্যজুড়ে একাধিক জেলায় সশস্ত্র বাহিনী মোতায়েন করা হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর।
প্রথম দফায় ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
এসআইআর তালিকা প্রকাশকে ঘিরে রাজ্যে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। প্রথম দফায় রাজ্যে মোট ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, সবথেকে বেশি বাহিনী যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলায়। তার পরেই রয়েছে মুর্শিদাবাদ এবং তৃতীয় স্থানে হাওড়া।
হাওড়ায় ১৫ কোম্পানি বাহিনী মোতায়েন
প্রথম পর্যায়ে হাওড়া জেলায় মোট ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে। এর মধ্যে গ্রামীণ হাওড়ায় ৮ কোম্পানি এবং হাওড়া সদর, অর্থাৎ হাওড়া পুলিশ কমিশনারেট এলাকায় ৭ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে।শনিবার পাঁচলা এলাকায় গ্রামীণ জেলা পুলিশের সহযোগিতায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ নজরে আসে। বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেন আধিকারিকরা।
উত্তেজনা এড়াতে বাড়তি সতর্কতা
এসআইআর তালিকা প্রকাশকে ঘিরে রাজ্যের একাংশের সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে বলে প্রশাসনের ধারণা। চূড়ান্ত তালিকা প্রকাশের পর যাতে কোনও অশান্ত পরিস্থিতি না তৈরি হয়, তার জন্যই আগে থেকেই বাহিনী নামানো হয়েছে বলে জানা গেছে।এদিকে, হুগলি জেলায়ও ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রস্তুতি চলছে। চন্দননগর পুলিশ কমিশনারেট এবং হুগলি গ্রামীণ জেলা পুলিশ এলাকায় বাহিনী পৌঁছনোর কথা। ডানকুনি স্টেশন চত্বরে বাহিনী আনার জন্য বাস অপেক্ষারত রয়েছে বলে সূত্রের খবর।
এসআইআর চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই হাওড়া জেলায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হয়েছে। প্রথম দফায় জেলায় ১৫ কোম্পানি বাহিনী মোতায়েন হচ্ছে। প্রশাসনের দাবি, সম্ভাব্য অশান্তি এড়াতেই এই তৎপরতা।










