কামাখ্যা দর্শনে এবার আরও সহজ ও আরামদায়ক সফর। রেল মন্ত্রকের ঘোষণা অনুযায়ী, হাওড়া থেকে কামাখ্যা পর্যন্ত বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস চলবে মাত্র ১৩ ঘণ্টার মতো সময়ে। দ্রুতগতির এই স্লিপার ট্রেন উত্তরবঙ্গ হয়ে পৌঁছবে অসমের রাজধানীর কাছে।
কখন ছাড়বে, কখন পৌঁছোবে? জানুন পুরো টাইমিং
রেল সূত্রে জানা গিয়েছে, হাওড়া থেকে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ছাড়বে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। পরের দিন সকাল ৮টা ২০ মিনিটে ট্রেন পৌঁছবে কামাখ্যা।অন্যদিকে, কামাখ্যা থেকে ট্রেন ছাড়বে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে এবং পরদিন সকাল ৮টা ১৫ মিনিটে পৌঁছবে হাওড়ায়। অর্থাৎ, রাতভর সফর করে ভোরেই গন্তব্যে পৌঁছনোর সুবিধা মিলবে যাত্রীদের।
সাপ্তাহিক পরিষেবায় কোন দিন বন্ধ থাকবে ট্রেন?
রেল মন্ত্রক জানিয়েছে,
কামাখ্যা থেকে হাওড়া আসার বন্দে ভারত স্লিপার বুধবার যাত্রী পরিষেবা দেবে না।
হাওড়া থেকে কামাখ্যা যাওয়ার বন্দে ভারত স্লিপার বৃহস্পতিবার চলবে না।
হাওড়া–কামাখ্যার মাঝে কোথায় কোথায় দাঁড়াবে ট্রেন?
এই বন্দে ভারত স্লিপার মোট ১৩টি স্টেশনে দাঁড়াবে।
হাওড়া থেকে ছেড়ে ট্রেনটি দাঁড়াবে—
ব্যান্ডেল → নবদ্বীপ ধাম → কাটোয়া → আজিমগঞ্জ → নিউ ফরাক্কা → মালদা টাউন → আলুয়াবাড়ি রোড → নিউ জলপাইগুড়ি → জলপাইগুড়ি রোড → নিউ কোচবিহার → নিউ আলিপুরদুয়ার → নিউ বঙ্গাইগাঁও → রঙ্গিয়া → কামাখ্যা।
এই একই রুটে কামাখ্যা থেকে হাওড়ায় ফিরবে ট্রেনটি।
কত কামরা, কত যাত্রী? মিলবে কোন কোন ক্লাস?
এই বন্দে ভারত স্লিপার ট্রেনে থাকছে—
১১টি এসি থ্রি টিয়ার
৪টি এসি টু টিয়ার
১টি এসি ফার্স্ট ক্লাস
সময় কমল কীভাবে? জানুন গতির রহস্য
সাধারণত হাওড়া বা শিয়ালদহ থেকে গুয়াহাটিগামী ট্রেনে সময় লাগে ১৬–১৮ ঘণ্টা। সেখানে বন্দে ভারত স্লিপার পৌঁছবে মাত্র ১৩ ঘণ্টায়।ট্রেন সেটের সর্বোচ্চ গতি প্রায় ১৬০ কিমি/ঘণ্টা হলেও নির্দিষ্ট লাইনের কারণে এটি ১৩০ কিমি/ঘণ্টা গতিতে চালানো হবে।
জল ভরার স্টেশন ও সম্ভাব্য উদ্বোধনের দিন
যাত্রাপথে নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি, মালদা টাউন ও আজিমগঞ্জ স্টেশনে যাত্রীদের জন্য জল ভরার ব্যবস্থা থাকবে।সূত্রের খবর, আনুষ্ঠানিক ঘোষণা না হলেও আগামী ১৭ তারিখ মালদা টাউন স্টেশন থেকে এই বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন হতে পারে।
হাওড়া–কামাখ্যার মধ্যে চালু হতে চলেছে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। মাত্র ১৩–১৪ ঘণ্টায় পৌঁছে যাওয়া যাবে শক্তিপীঠ কামাখ্যায়। ট্রেনের টাইমিং, স্টপেজ, কামরার ধরন ও উদ্বোধনের সম্ভাব্য তারিখ জানাল রেল।











