কলকাতা: বর্ষার মরশুমে ফের বদলাতে চলেছে বাংলার আবহাওয়ার গতিপ্রকৃতি। আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে সরে ওড়িশা হয়ে ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাবে। ক্রমশ শক্তি হারাবে নিম্নচাপটি। ফলে আগামী তিন দিনে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমার সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে সপ্তাহান্তে ফের ভারী বৃষ্টি বাড়তে পারে।
নিম্নচাপের প্রভাব ধীরে ধীরে কমবে
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, নিম্নচাপটি বর্তমানে উত্তর ওড়িশা, দক্ষিণ ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর গতিপথ পশ্চিম ও উত্তর-পশ্চিমমুখী। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা। এই দুইয়ের প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে।
উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির আশঙ্কা
নিম্নচাপের প্রভাবে সমুদ্র ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্রপৃষ্ঠে ঘণ্টায় প্রায় ৫৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তাই আগামী ২৪ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
দক্ষিণবঙ্গে কোথায় বৃষ্টির সতর্কতা?
দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামের কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকা এবং ঝাড়গ্রামে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
অন্যান্য কয়েকটি জেলাতেও বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস রয়েছে।
বুধবারের পর কমবে ঝড়-বৃষ্টির দাপট
বুধবারও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বৃষ্টির সঙ্গে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে আপাতত বড় ধরনের ঝড়-বৃষ্টির সতর্কতা নেই। তবে বিভিন্ন এলাকায় স্থানীয়ভাবে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির দাপট
দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও উত্তরবঙ্গের আবহাওয়া আপাতত স্বস্তিদায়ক নয়। মঙ্গলবার দার্জিলিং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বুধবার কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এরপর বৃহস্পতিবার ও শুক্রবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকতে পারে।
উইকেন্ডে উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টি
শনিবার ও রবিবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার—উত্তরবঙ্গের এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে সপ্তাহান্তে পাহাড় ও ডুয়ার্স এলাকায় ভ্রমণের পরিকল্পনা থাকলে আবহাওয়ার আপডেট দেখে বেরনোর পরামর্শ দেওয়া হচ্ছে।
বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে দুর্বল হওয়ার পথে। এর প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমতে পারে। তবে উত্তরবঙ্গে সপ্তাহের শেষভাগে ফের বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় জারি থাকতে পারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা।








