দীর্ঘদিনের দাবি পূরণে অবশেষে স্বস্তি পেলেন জলপাইগুড়ি জেলার রেলযাত্রীরা। নতুন বছরের শুরুতেই জেলার একাধিক রেল স্টেশনে গুরুত্বপূর্ণ ট্রেনের স্টপেজ ঘোষণা করল ভারতীয় রেল। এর ফলে পড়ুয়া, কর্মজীবী মানুষ থেকে শুরু করে পর্যটক—সব শ্রেণির যাত্রীদের যাতায়াত আরও সহজ হতে চলেছে।
রানিনগরে থামবে গুরুত্বপূর্ণ দুই এক্সপ্রেস
রেলের তরফে জানানো হয়েছে,
নিউ আলিপুরদুয়ার–শিয়ালদহ তিস্তা তোর্সা এক্সপ্রেস (১৩১৪১/১৩১৪২) এবং
নিউ জলপাইগুড়ি–বঙ্গাইগাঁও এক্সপ্রেস (১৫৭০৩/১৫৭০৪)
এই দুই গুরুত্বপূর্ণ ট্রেন এবার থেকে রানিনগর স্টেশনে দাঁড়াবে। এতদিন এই স্টেশনে এক্সপ্রেস ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদের সমস্যায় পড়তে হত। নতুন সিদ্ধান্তে রানিনগর ও সংলগ্ন এলাকার মানুষের যাতায়াতে বড় সুবিধা মিলবে।
পর্যটন এলাকায় যোগাযোগ আরও মজবুত
নিউ জলপাইগুড়ি–আলিপুরদুয়ার রুটের জনপ্রিয় আলিপুরদুয়ার জংশন ট্যুরিস্ট এক্সপ্রেস (১৫৭৭৭/১৫৭৭৮) এবার থেকে
বানারহাট, নাগরাকাটা ও গুলমা—এই তিনটি স্টেশনে থামবে।
ডুয়ার্সের পর্যটন কেন্দ্রগুলির সঙ্গে রেল যোগাযোগ আরও উন্নত হওয়ায় পর্যটন শিল্পে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
নিউ মাল ও সেবকে মিলছে এক্সপ্রেস পরিষেবা
রেল সূত্রে আরও জানানো হয়েছে—
কামাখ্যা–কর্মভূমি এক্সপ্রেস (২২৫১১/২২৫১২) এবার থেকে নিউ মাল জংশনে স্টপেজ পাবে।
অন্যদিকে, আলিপুরদুয়ার–দিল্লিগামী সিকিম মহানন্দা এক্সপ্রেস (১৫৪৮৩/১৫৪৮৪) থামবে সেবক রেল স্টেশনে।
এই সিদ্ধান্তে উত্তরবঙ্গ থেকে দিল্লি ও উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে।
সাংসদের প্রতিক্রিয়া
এই প্রসঙ্গে সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায় জানান, রেলমন্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরেই এই স্টপেজগুলি নিয়ে আলোচনা চলছিল। অবশেষে দাবি পূরণ হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেছেন। তাঁর কথায়, “এই সিদ্ধান্তে সাধারণ মানুষ, ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষ ও পর্যটক—সকলেই উপকৃত হবেন।”
জলপাইগুড়ি জেলার রেলযাত্রীদের জন্য বড় স্বস্তির খবর। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে একাধিক এক্সপ্রেস ট্রেনের নতুন স্টপেজের অনুমোদন দিয়েছে রেলমন্ত্রক। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজে চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা সাংসদ ড. জয়ন্ত কুমার রায়কে জানিয়েছেন।











