টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত দম্পতি জয় ভানুশালী ও মাহি ভিজ তাঁদের ১৪ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন। যৌথ বিবৃতিতে বিচ্ছেদের কথা স্বীকার করলেও, বন্ধুত্ব ও সন্তানদের যৌথভাবে বড় করার প্রতিশ্রুতি দিয়েছেন দু’জনেই। তবে ডিভোর্স ঘোষণার পরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে নানা গুজব—বিশেষ করে মাহির ৫ কোটি টাকা খোরপোশ নেওয়ার দাবি। সেই জল্পনাতেই এবার স্পষ্ট অবস্থান নিলেন মাহি।
বিচ্ছেদের পরও একসঙ্গে অভিভাবকত্ব
মাহি ভিজ তাঁর ইউটিউব ভ্লগে জানিয়েছেন, জয় ও তাঁর সম্পর্কের সমীকরণ বদলালেও সন্তানের দায়িত্বে কোনও পরিবর্তন আসেনি। তিন সন্তান—তারা, রাজবীর ও খুশি—তাঁদের জীবনের কেন্দ্রবিন্দু বলেই জানিয়েছেন তিনি। মাহির কথায়, “আমরা আলাদা থাকলেও বাবা-মা হিসেবে একসঙ্গেই থাকব।”
ট্রোল ও কটাক্ষে বিরক্ত মাহি
ডিভোর্স ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত আক্রমণের মুখে পড়তে হয়েছে মাহিকে। সন্তান দত্তক নেওয়া থেকে শুরু করে আর্থিক সামর্থ্য—সব নিয়েই প্রশ্ন তুলেছেন ট্রোলাররা। মাহি স্পষ্ট ভাষায় বলেন, “আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি নয়। আমরা আমাদের সন্তানদের দেখভাল করতে পুরোপুরি সক্ষম।”
‘৫ কোটি খোরপোশ’—ভুয়ো খবরের কড়া জবাব
সবচেয়ে চাঞ্চল্যকর গুজব ছিল ৫ কোটি টাকা ভরণপোষণ নেওয়ার দাবি। এই প্রসঙ্গে মাহি ক্ষোভ উগরে দিয়ে বলেন, “অর্ধেক সত্য নিয়ে পোস্ট করা বন্ধ করুন। লাইক আর ভিউয়ের জন্য পুরনো ভিডিও ঘাঁটাঘাঁটি করা খুবই দুঃখজনক।” তাঁর মতে, এসব ভুয়ো খবর পরিবার ও সন্তানদের মানসিকভাবে আঘাত করে।
সম্মানজনক বিচ্ছেদই উদাহরণ
মাহির বক্তব্য, সম্পর্ক কাজ না করলে সেটাকে কুৎসিত করে তোলার কোনও মানে নেই। আদালত, কাদা ছোড়াছুড়ি বা প্রকাশ্য লড়াই নয়—বরং সম্মানের সঙ্গে আলাদা হওয়াই তাঁদের সিদ্ধান্ত। তিনি বিশ্বাস করেন, ভবিষ্যতে তাঁর সন্তানরা এই সিদ্ধান্তের জন্য বাবা-মায়ের উপর গর্বই করবে।
টেলিভিশনের জনপ্রিয় জুটি জয় ভানুশালী ও মাহি ভিজের বিবাহবিচ্ছেদ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চা। বিচ্ছেদের পর ৫ কোটি টাকা খোরপোশের গুজব ছড়াতেই প্রথম ভ্লগে মুখ খুললেন মাহি। স্পষ্ট জানালেন—ডিভোর্স মানেই যুদ্ধ নয়, সন্তানের দায়িত্বে কোনও ফাঁক পড়বে না।













