শীত মানেই নতুন গুড়ের গন্ধ, আর সেই সঙ্গে বাঙালির মন জুড়ে থাকে এক বিশেষ মিষ্টির অপেক্ষা—জয়নগরের মোয়া। দক্ষিণ ২৪ পরগণার জয়নগর শহরের এই ঐতিহ্যবাহী মিষ্টি এখন রাজ্যের গণ্ডি পেরিয়ে সর্বত্র জনপ্রিয়। তবে জানেন কি, একটু ধৈর্য আর সঠিক উপকরণ থাকলেই এই বিখ্যাত মোয়া ঘরেই বানানো সম্ভব?

কেন এত জনপ্রিয় জয়নগরের মোয়া
খই, খেজুরের গুড় আর খোয়া ক্ষীরের মেলবন্ধনে তৈরি জয়নগরের মোয়ার স্বাদ একেবারেই আলাদা। শীতের মরসুমে নতুন গুড় ব্যবহার হওয়াতেই এই মিষ্টির স্বাদ ও গন্ধ অনন্য হয়ে ওঠে। সেই কারণেই প্রতিবছর শীতে জয়নগরের মোয়ার চাহিদা তুঙ্গে থাকে।
জয়নগরের মোয়া তৈরির উপকরণ
খই – ২০০ গ্রাম
খেজুরের গুড় – ২০০ গ্রাম
চিনি – ২৫ গ্রাম
খোয়া ক্ষীর – ১৫০ গ্রাম
এলাচ গুঁড়ো – ১ চা চামচ
কাজুবাদাম – ২৫ গ্রাম
কিসমিস – ২৫ গ্রাম
ঘি – ২ চা চামচ
জল – ২ কাপ

প্রথম ধাপ: গুড়ের পাক তৈরি
একটি বড় কড়াইয়ে খেজুরের গুড়, চিনি ও ২ কাপ জল একসঙ্গে দিয়ে মাঝারি আঁচে ফুটতে দিন। মিশ্রণটি গাঢ় হয়ে এলে সেখান থেকে সামান্য পাক আলাদা করে তুলে রেখে দিন। এই পাক শেষ ধাপে কাজে লাগবে।
দ্বিতীয় ধাপ: খই মেশানো
কড়াইয়ের বাকি পাক হালকা ঠান্ডা হলে তাতে খই ঢেলে ভাল করে মিশিয়ে নিন। এরপর ঢাকনা দিয়ে প্রায় ২০ মিনিট রেখে দিন, যাতে খই গুড়ের রস ভালভাবে শুষে নিতে পারে।

তৃতীয় ধাপ: খোয়া ও ড্রাইফ্রুট যোগ
ঢাকনা খুলে তাতে গ্রেট করা খোয়া ক্ষীর, কাজুবাদামের টুকরো, কিসমিস, এলাচ গুঁড়ো ও ঘি যোগ করুন। সব উপকরণ হাত দিয়ে ভাল করে মেখে নিন।
চতুর্থ ধাপ: মোয়া বানানো
এবার আগে তুলে রাখা গুড়ের পাক অল্প অল্প করে মিশিয়ে নিন। মিশ্রণ একেবারে নিখুঁত হলে অল্প অল্প নিয়ে দুই হাতের তালুতে লাড্ডুর মতো গোল করে মোয়া বানিয়ে ফেলুন।
সাজানোর টিপস
মোয়াগুলি একটি প্লেটে সাজিয়ে তার উপর সামান্য খোয়া ক্ষীর ও কাজুবাদাম গুঁড়ো ছড়িয়ে দিন। প্রতিটি মোয়ার উপর একটি করে কিসমিস বসালে দেখতে যেমন সুন্দর হবে, তেমনই স্বাদও বাড়বে।

শীত এলেই বাঙালির মিষ্টির তালিকায় সবার উপরে জয়নগরের মোয়া। দোকানে না গিয়ে এবার বাড়িতেই বানিয়ে ফেলুন নরম পাকের আসল জয়নগরের মোয়া। রইল সহজ উপকরণ ও ধাপে ধাপে রেসিপি।













