ঝক্কির দিন শেষ! ঘরে বসেই অনলাইনে বুক করুন কল্যাণী AIIMS-এর OPD স্লট, জেনে নিন সম্পূর্ণ পদ্ধতি

কল্যাণী AIIMS-এর OPD স্লট এখন অনলাইনে বুক করুন। ORS পোর্টাল ও AIIMS Kalyani Swasthya অ্যাপের মাধ্যমে চিকিৎসক, বিভাগ ও তারিখ নির্বাচন করে সহজে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সম্পূর্ণ গাইড।

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় ডিজিটাল সুবিধার নতুন দিগন্ত খুলে দিয়েছে AIIMS Kalyani। হাসপাতালের OPD-তে চিকিৎসকের পরামর্শ নিতে এখন আর ভোর থেকে লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। কেন্দ্রীয় সরকারের অনলাইন রেজিস্ট্রেশন ব্যবস্থার মাধ্যমে রোগীরা বাড়িতে বসেই অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন, ফলে সময় বাঁচবে এবং চিকিৎসা পরিষেবা আরও সহজলভ্য হবে।

অনলাইনে বুকিংয়ের জন্য কী করতে হবে?

প্রথমে রোগীকে কেন্দ্রীয় সরকারের অফিসিয়াল ORS পোর্টালে লগ ইন করতে হবে। মোবাইল নম্বর ও OTP-এর মাধ্যমে নতুন নিবন্ধন অথবা লগ ইন সম্পন্ন করার পর হাসপাতাল নির্বাচন করার সুযোগ পাওয়া যাবে।এরপর রাজ্য হিসেবে West Bengal এবং হাসপাতাল হিসেবে AIIMS Kalyani নির্বাচন করতে হবে। তারপর রোগের ধরন অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগ, চিকিৎসকের নাম এবং উপলব্ধ তারিখ বেছে নিয়ে অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে।

মোবাইল অ্যাপেও মিলবে একই সুবিধা

শুধু ওয়েবসাইট নয়, রোগীদের সুবিধার জন্য AIIMS Kalyani Swasthya মোবাইল অ্যাপও চালু রয়েছে। এই অ্যাপের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের পাশাপাশি প্রয়োজন হলে তা রিশিডিউল বা বাতিল করার সুবিধাও রয়েছে। এছাড়া OPD, ল্যাব ও অন্যান্য পরিষেবা সম্পর্কিত তথ্যও পাওয়া যায়।

কখন পৌঁছবেন হাসপাতালে?

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, OPD রেজিস্ট্রেশনের সময় প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত। যদিও অ্যাপয়েন্টমেন্ট বুক করা থাকলেও নির্ধারিত দিনের সকালেই হাসপাতালে পৌঁছনোর পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে সকাল ৮টা ৩০ মিনিটের মধ্যে উপস্থিত থাকলে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সুবিধা হবে।

সঙ্গে কী কী নথি রাখতে হবে?

চিকিৎসকের পরামর্শ নিতে গেলে রোগীদের সঙ্গে আধার কার্ড বা বৈধ পরিচয়পত্র এবং অনলাইন বুকিংয়ের কনফার্মেশন মেসেজ অথবা তার প্রিন্ট কপি রাখতে হবে। কোনও সমস্যার ক্ষেত্রে হাসপাতালের হেল্পলাইন নম্বরেও যোগাযোগ করা যেতে পারে।

কল্যাণী AIIMS-এর OPD পরিষেবায় চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পেতে আর দীর্ঘ লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। ORS পেশেন্ট পোর্টাল এবং AIIMS Kalyani Swasthya অ্যাপের মাধ্যমে রোগীরা অনলাইনে বিভাগ, চিকিৎসক ও সুবিধাজনক তারিখ বেছে বুকিং করতে পারবেন।

Leave a comment