আমাদের শরীরের রক্ত পরিশোধন থেকে শুরু করে তরল ও খনিজের ভারসাম্য বজায় রাখা—সব ক্ষেত্রেই কিডনির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু জীবনযাত্রার পরিবর্তন, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের কারণে কিডনি রোগ দ্রুত বাড়ছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, প্রাথমিক পর্যায়ে লক্ষণগুলি সাধারণ মনে হলেও এগুলি উপেক্ষা করলে বিপদ বাড়তে পারে।

কিডনি রোগ কেন ধরা পড়ে না সহজে?
বিশেষজ্ঞদের মতে, অনেক ক্ষেত্রেই রোগ চূড়ান্ত পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত রোগী বুঝতেই পারেন না যে কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে। National Kidney Foundation–এর মেডিক্যাল বিশেষজ্ঞ Joseph Vassalotti জানিয়েছেন, প্রাথমিক লক্ষণগুলি এতটাই সাধারণ যে বেশিরভাগ মানুষ তা গুরুত্ব দেন না। ফলে চিকিৎসা শুরু হয় অনেক দেরিতে।
অস্বাভাবিক ক্লান্তি হতে পারে প্রথম সংকেত
পর্যাপ্ত বিশ্রাম বা ঘুমের পরও যদি সারাক্ষণ দুর্বল লাগে, শক্তি না থাকে—তাহলে সতর্ক হওয়া জরুরি। কিডনি সঠিকভাবে রক্ত থেকে বর্জ্য বের করতে না পারলে শরীরে টক্সিন জমে যায়, যা ক্লান্তির কারণ হতে পারে।

প্রস্রাবে পরিবর্তন—উপেক্ষা করবেন না
রাতে বারবার প্রস্রাবের জন্য ওঠা, প্রস্রাবের রঙ গাঢ় হওয়া, ফেনা বা বুদবুদ দেখা যাওয়া কিংবা রক্তের দাগ—এসবই কিডনির সমস্যার ইঙ্গিত হতে পারে। বিশেষত প্রস্রাবে অতিরিক্ত ফেনা প্রোটিন লিকেজের লক্ষণ হতে পারে।
ত্বকের সমস্যা ও চুলকানি
কিডনি খনিজের ভারসাম্য রক্ষা করতে ব্যর্থ হলে ত্বকে শুষ্কতা, তীব্র চুলকানি ও ফুসকুড়ি দেখা দিতে পারে। অনেক সময় হাড় দুর্বল হওয়ার সমস্যাও যুক্ত হয়।

চোখ ও পায়ে ফোলাভাব
সকালে ঘুম থেকে ওঠার পর চোখের চারপাশে ফোলাভাব বা পা, গোড়ালি ফুলে যাওয়া কিডনির ক্ষতির লক্ষণ হতে পারে। শরীরে অতিরিক্ত তরল জমে গেলে এমন উপসর্গ দেখা যায়।
ক্ষুধামান্দ্য ও পেশীতে টান
রক্তে বর্জ্য পদার্থ জমে গেলে ক্ষুধা কমে যেতে পারে। পাশাপাশি পেশীতে ঘন ঘন টান ধরা বা ক্র্যাম্প হওয়াও কিডনি সমস্যার সঙ্গে যুক্ত হতে পারে।

কিডনি রোগের প্রাথমিক লক্ষণ অনেক সময় খুব সাধারণ বলে মনে হয়। কিন্তু ক্লান্তি, প্রস্রাবে পরিবর্তন, ফোলাভাব বা ত্বকের সমস্যা—এই ছোট সংকেতগুলোই হতে পারে বড় বিপদের পূর্বাভাস। বিশেষজ্ঞদের মতে, সময়মতো পরীক্ষা না করালে কিডনি রোগ মারাত্মক রূপ নিতে পারে।








