বিছানার চাদর যতই পরিষ্কার রাখা হোক, ভিতরের তোষক বা ম্যাট্রেসে দিনের পর দিন জমতে থাকে ঘাম, ধুলো এবং শরীরের তেল। তার উপর চা-কফি বা খাবার পড়ে গেলে তৈরি হয় জেদি দাগ। সমস্যা আরও বাড়ে যখন তোষক থেকে স্যাঁতসেঁতে বা পচা গন্ধ বের হতে শুরু করে। কিন্তু চাদরের মতো তোষক তো সহজে কেচে শুকিয়ে নেওয়া যায় না। তাই তোষক পরিষ্কার করতে কাজে লাগতে পারে কয়েকটি সহজ ঘরোয়া কৌশল।
দুর্গন্ধ দূর করতে ব্যবহার করুন বেকিং সোডা
তোষক থেকে গন্ধ বের হলে প্রথমে বেকিং সোডা ব্যবহার করে দেখতে পারেন। তোষকের উপর সমানভাবে বেকিং সোডা ছড়িয়ে দিন এবং প্রায় এক ঘণ্টা রেখে দিন। এরপর শুকনো কাপড় বা ব্রাশ দিয়ে ভালোভাবে ঝেড়ে ফেলুন।ছোট আকারের তোষক হলে পরিষ্কার করার পর কিছুক্ষণ রোদে দেওয়া যেতে পারে। তবে তোষক দীর্ঘক্ষণ ভিজে বা স্যাঁতসেঁতে অবস্থায় রাখা উচিত নয়।
ময়লা পরিষ্কারে বেকিং সোডা ও সাদা ভিনিগার
জেদি ময়লা জমে থাকা জায়গায় বেকিং সোডা ও সাদা ভিনিগার ব্যবহার করা যায়। তবে তোষক পুরোপুরি ভিজিয়ে না দিয়ে অল্প পরিমাণে নিয়ে নির্দিষ্ট দাগের উপর প্রয়োগ করাই ভালো। কিছুক্ষণ অপেক্ষা করে পরিষ্কার কাপড় দিয়ে জায়গাটি মুছে ফেলুন।এরপর তোষককে পর্যাপ্ত বাতাস চলাচল করে এমন জায়গায় শুকিয়ে নিন। পরিষ্কার করার পর তোষকের ভিতরে আর্দ্রতা রয়ে গেলে উল্টো দুর্গন্ধ বা ছত্রাকের সমস্যা তৈরি হতে পারে।
চা-কফির জেদি দাগে ডিটারজেন্টের জল
তোষকে চা, কফি কিংবা খাবার পড়ে দাগ তৈরি হলে দেরি না করে পরিষ্কার করুন। এক লিটার ঠান্ডা জলে প্রায় এক চা-চামচ ডিটারজেন্ট মিশিয়ে নিন। পরিষ্কার কাপড় সেই মিশ্রণে হালকা ভিজিয়ে ভালোভাবে নিংড়ে নিন।এবার দাগের জায়গায় আলতো করে ঘষে পরিষ্কার করুন। খুব বেশি জল ব্যবহার করবেন না। দাগ পরিষ্কার হয়ে গেলে শুকনো কাপড় দিয়ে জায়গাটি চেপে চেপে মুছে নিন।
তোষকের উপর সরাসরি জল ঢালবেন না
তোষক পরিষ্কার করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল অতিরিক্ত জল ব্যবহার না করা। ম্যাট্রেসের উপর সরাসরি জল বা ক্লিনিং লিকুইড ঢেলে দিলে তা ভিতরে ঢুকে যেতে পারে। পরে সেই আর্দ্রতা পুরোপুরি শুকোতে না পারলে তোষক থেকে দুর্গন্ধ তৈরি হতে পারে এবং ছত্রাক জন্মানোর আশঙ্কাও থাকে।তাই পরিষ্কারের ক্ষেত্রে ভেজা কাপড়ের বদলে ভালোভাবে নিংড়ে নেওয়া কাপড় ব্যবহার করুন।
দাগ যত তাড়াতাড়ি পরিষ্কার করবেন, তত ভালো
তোষকে চা, কফি, দুধ কিংবা অন্য কোনও তরল পড়ে গেলে শুকিয়ে যাওয়ার অপেক্ষা করবেন না। যত দ্রুত সম্ভব পরিষ্কার কাপড় দিয়ে তরল শুষে নিন। এরপর প্রয়োজন অনুযায়ী সামান্য ডিটারজেন্টের জল দিয়ে দাগের জায়গাটি পরিষ্কার করুন।দাগ শুকিয়ে গেলে সেটি তোষকের ফাইবারে আরও গভীরভাবে বসে যেতে পারে। ফলে পরে পরিষ্কার করা কঠিন হয়ে যায়।
পরিষ্কারের পর ভালোভাবে শুকনো রাখুন
তোষক পরিষ্কারের পর সেটিকে সম্পূর্ণ শুকিয়ে নেওয়া অত্যন্ত জরুরি। সম্ভব হলে খোলা জানালার কাছে বা বাতাস চলাচল করে এমন জায়গায় রেখে দিন। ছোট ও উপযুক্ত তোষক হলে রোদেও দেওয়া যায়।তবে তোষকের উপাদান অনুযায়ী প্রস্তুতকারকের নির্দেশ থাকলে সেটিই মেনে চলা ভালো।
নিয়মিত পরিষ্কার রাখলে তোষকও থাকবে সতেজ
তোষক একেবারে নোংরা হয়ে যাওয়ার অপেক্ষা না করে নিয়মিত ভ্যাকুয়াম বা শুকনো ব্রাশ দিয়ে ধুলো পরিষ্কার করুন। বিছানার চাদর নিয়মিত বদলানোর পাশাপাশি তোষকেও মাঝে মাঝে বাতাসে রাখুন। এতে জমে থাকা ধুলো ও স্যাঁতসেঁতে ভাব নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে।
বিছানার চাদর নিয়মিত বদলালেও তোষক পরিষ্কারের কথা অনেকেই ভুলে যান। দীর্ঘদিনের ঘাম, ধুলো, তেলতেলে ময়লা, চা-কফি কিংবা খাবারের দাগ থেকে তোষকে দুর্গন্ধও তৈরি হতে পারে। তবে তোষক ভিজিয়ে না ধুয়েও বেকিং সোডা, সাদা ভিনিগার এবং অল্প ডিটারজেন্টের সাহায্যে অনেকটাই পরিষ্কার করা সম্ভব।













