ভারতে সোনা মানেই নিরাপদ বিনিয়োগের প্রতীক। কিন্তু নতুন আর্থিক বছরে সেই ধারণায় বড়সড় পরিবর্তন আসতে চলেছে। ১ এপ্রিল থেকে Sovereign Gold Bond Scheme-এ সেকেন্ডারি মার্কেটের মাধ্যমে কেনা বন্ডের ক্ষেত্রে ম্যাচিউরিটিতে ক্যাপিটাল গেইন ট্যাক্স প্রযোজ্য হবে। ফলে বিনিয়োগের আগে নিয়মগুলি ভালো করে জেনে নেওয়া জরুরি।
কী বদলাচ্ছে ১ এপ্রিল থেকে?
চলতি বাজেট অনুযায়ী, ১ এপ্রিল ২০২৬ থেকে যদি কেউ ম্যাচিউরিটি পূর্ণ হওয়ার পর সেকেন্ডারি মার্কেটে কেনা SGB বিক্রি করেন বা রিডিম করেন, তাহলে সেই লাভের উপর লং-টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে।এতদিন পর্যন্ত ম্যাচিউরিটির সময় এই লাভ করমুক্ত ছিল। নতুন নিয়মে সেই সুবিধা সীমিত করা হয়েছে।
কারা পাবেন ট্যাক্স-ফ্রি সুবিধা?
সিএ নিতিন কৌশিকের ব্যাখ্যা অনুযায়ী, যাঁরা প্রাইমারি ইস্যুর সময় সরাসরি Reserve Bank of India (RBI)-এর মাধ্যমে SGB সাবস্ক্রাইব করেছেন এবং ম্যাচিউরিটি পর্যন্ত ধরে রেখেছেন, তাঁদের ক্ষেত্রেই ক্যাপিটাল গেইন সম্পূর্ণ করমুক্ত থাকবে।অর্থাৎ সরাসরি RBI থেকে কেনা ও ম্যাচিউরিটি পর্যন্ত ধরে রাখা—এই দুটি শর্ত পূরণ করলেই মিলবে আগের সুবিধা।
সেকেন্ডারি মার্কেট বিনিয়োগকারীদের কী হবে?
যাঁরা স্টক এক্সচেঞ্জ থেকে SGB কিনেছেন, তাঁদের ক্ষেত্রে ম্যাচিউরিটির সময় মূল্যবৃদ্ধিজনিত লাভের ওপর ১২.৫% হারে লং-টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স প্রযোজ্য হবে।এমনকি যদি বন্ড উপহার হিসেবে মালিকানা বদলায়, তাহলেও করছাড়ের সুবিধা প্রযোজ্য হবে না।
উদাহরণে বোঝা যাক প্রভাব
ধরা যাক, কোনও বিনিয়োগকারী এক্সচেঞ্জ থেকে ৭,০০০ টাকায় একটি SGB কিনলেন। ম্যাচিউরিটির সময় তার মূল্য দাঁড়াল ১১,০০০ টাকা।এক্ষেত্রে ৪,০০০ টাকা লাভের উপর ১২.৫% হারে কর ধার্য হবে। অর্থাৎ প্রতি বন্ডে ৫০০ টাকা ট্যাক্স দিতে হবে। আগে এই সম্পূর্ণ লাভ বিনিয়োগকারীর কাছেই থাকত।
সুদের হার অপরিবর্তিত
উল্লেখযোগ্য বিষয়, SGB-তে বছরে ২.৫% হারে নির্দিষ্ট সুদ আগের মতোই মিলবে। তবে মূল আকর্ষণ ছিল ম্যাচিউরিটির সময় করমুক্ত মূলধনী লাভ—সেই সুবিধাই এখন সীমিত হচ্ছে।
১ এপ্রিল ২০২৬ থেকে সোনা বিনিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন কার্যকর হতে চলেছে। বিশেষ করে Sovereign Gold Bond Scheme (SGB)–এর সেকেন্ডারি মার্কেট লেনদেনে ম্যাচিউরিটির সময় ক্যাপিটাল গেইন ট্যাক্স আরোপ হতে পারে। তবে প্রাইমারি ইস্যুতে সরাসরি সাবস্ক্রাইব করা বিনিয়োগকারীরা আগের মতোই করছাড় সুবিধা পাবেন।













