Final Voter List 2026: নাম ‘ডিলিট’ হলে কী চিহ্ন? ‘অ্যাডজুডিকেশন’ থাকলে কীভাবে বুঝবেন? ছবি দেখেই মিলবে স্পষ্ট ধারণা

Final Voter List 2026: নাম ‘ডিলিট’ হলে কী চিহ্ন? ‘অ্যাডজুডিকেশন’ থাকলে কীভাবে বুঝবেন? ছবি দেখেই মিলবে স্পষ্ট ধারণা

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলেছে বাংলার চূড়ান্ত ভোটার তালিকা। এসআইআর প্রক্রিয়া ঘিরে বিতর্ক ও বিভ্রান্তির মাঝেই বহু ভোটারের মনে একটাই প্রশ্ন—তালিকায় নিজের নাম রয়েছে তো? যদি ‘ডিলিট’ হয়, তবে কীভাবে বুঝবেন? আর ‘অ্যাডজুডিকেশন’ আওতায় থাকলে তার চিহ্ন কেমন হবে? কমিশন সূত্রে মিলেছে স্পষ্ট ইঙ্গিত।

কোথায় দেখবেন চূড়ান্ত তালিকা?

চূড়ান্ত ভোটার তালিকা আপলোড করা হবে Election Commission of India-র সরকারি ওয়েবসাইটে। সেখানে ‘Electoral Roll’ বিভাগে গিয়ে নাম বা EPIC নম্বর দিয়ে খোঁজ করা যাবে।পাশাপাশি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটেও তালিকা পাওয়া যাবে। অনলাইনের পাশাপাশি বুথে বুথে তালিকা টাঙিয়ে দেওয়ার নির্দেশ রয়েছে। দুপুর তিনটের মধ্যে জেলাশাসকদের কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

‘অ্যাপ্রুভড’ নাম চেনার উপায়

কমিশন সূত্রে জানা গিয়েছে, যাঁদের নাম বৈধ বা ‘অ্যাপ্রুভড’, তাঁদের ক্ষেত্রে তালিকায় সাধারণভাবে ছবি ও ব্যক্তিগত তথ্য থাকবে। কোনও অতিরিক্ত চিহ্ন বা কাটা দাগ থাকবে না।অর্থাৎ ছবি পরিষ্কার ও অক্ষত থাকলে ধরে নিতে হবে সংশ্লিষ্ট ভোটার বৈধ হিসেবে স্বীকৃত।

‘ডিলিট’ হলে কী চিহ্ন থাকবে?

যাঁদের নাম তালিকা থেকে বাদ পড়েছে, তাঁদের ছবির উপর একটি সিঙ্গেল আড়াআড়ি কাটা দাগ থাকবে। এই কাটা চিহ্নই ইঙ্গিত দেবে যে নামটি ‘ডিলিট’ হয়েছে।

ছবির উপর স্পষ্টভাবে লাইন টানা থাকবে, যাতে সহজেই বোঝা যায় নামটি আর বৈধ তালিকায় নেই।

‘অ্যাডজুডিকেশন’ আওতায় থাকলে কীভাবে বুঝবেন?

যাঁদের নাম ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ বা শুনানির আওতায় রয়েছে, তাঁদের ছবির উপরও আড়াআড়ি কাটা চিহ্ন থাকবে। তবে পাশে বা সংশ্লিষ্ট কলামে উল্লেখ থাকবে ‘Under Adjudication’।অর্থাৎ চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সেই নাম ঝুলন্ত অবস্থায় থাকবে। ভোটারকে প্রয়োজনে নির্দিষ্ট দফতরে যোগাযোগ করতে হতে পারে।

পরিসংখ্যানে বড়সড় বদল

এসআইআর শুরুর আগে পশ্চিমবঙ্গে মোট ভোটার সংখ্যা ছিল প্রায় ৭ কোটি ৬৬ লক্ষের বেশি। প্রথম খসড়া তালিকায় বাদ পড়ে ৫৮ লক্ষ ২০ হাজার ৫৯৫ জন। বর্তমানে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ৭ কোটি ৮ লক্ষ।প্রায় ১ কোটি ২০ লক্ষ ভোটার ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ নোটিশ পেয়েছেন। ৩২ লক্ষ ভোটারকে ‘আনম্যাপড’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে প্রায় ৬ লক্ষ ১৪ হাজার ভোটারকে এখনও পর্যন্ত অযোগ্য বিবেচনা করা হয়েছে।

Election Commission of India-র নির্দেশে আজ প্রকাশিত হচ্ছে পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা। তালিকায় নাম ‘অ্যাপ্রুভড’, ‘ডিলিট’ বা ‘আন্ডার অ্যাডজুডিকেশন’—কীভাবে চিহ্নিত থাকবে তা নিয়ে বাড়ছে কৌতূহল। অনলাইন ও অফলাইন—দু’ভাবেই দেখা যাবে তালিকা। ছবি দেখে সহজেই বোঝা যাবে নিজের স্ট্যাটাস।

Leave a comment