উত্তরবঙ্গ মেডিক্যালে তৈরি হচ্ছে ক্যানসার হাসপাতাল, কবে থেকে শুরু হবে পরিষেবা? চলছে জোর প্রস্তুতি

উত্তরবঙ্গ মেডিক্যালে তৈরি হচ্ছে ক্যানসার হাসপাতাল, কবে থেকে শুরু হবে পরিষেবা? চলছে জোর প্রস্তুতি

উত্তরবঙ্গবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে চলেছে। শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তৈরি হওয়া ক্যানসার হাসপাতাল আগামী বছরের শুরুতেই পরিষেবা চালু করতে পারে বলে জানা যাচ্ছে। যদিও এখনও কিছু পরিকাঠামোগত কাজ বাকি থাকায় নির্দিষ্ট দিনক্ষণ জানাতে পারছেন না কর্তৃপক্ষ।

পরিদর্শনে রাজ্যের স্বাস্থ্যসচিব

শনিবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যান রাজ্যের স্বাস্থ্যসচিব মৌমিতা গোদারা বসু। হাসপাতালের বিভিন্ন নির্মীয়মান পরিকাঠামো ঘুরে দেখার পাশাপাশি আধিকারিক ও বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠক করেন তিনি।

ক্যানসার হাসপাতালের অগ্রগতি কতটা

সূত্রের খবর, স্বাস্থ্যসচিব প্রথমে নির্মীয়মান ক্যানসার হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে কোন বিভাগ কোথায় হবে, চিকিৎসা পরিষেবার পরিকাঠামো কেমন হবে—সবকিছু খুঁটিয়ে দেখা হয়। যদিও ক্যানসার হাসপাতালের কাজ এখনও সম্পূর্ণ শেষ হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

১০০ শয্যার ক্রিটিক্যাল কেয়ার ব্লক প্রায় প্রস্তুত

পরিদর্শনের পর স্বাস্থ্যসচিব যান নির্মীয়মান ১০০ শয্যাবিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার ব্লকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এই ব্লকের কাজ প্রায় শেষের পথে। শীঘ্রই এটি চালু হলে গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসায় বড় সুবিধা হবে।

সুপার স্পেশ্যালিটি ব্লকেও নজর

এদিন সুপার স্পেশ্যালিটি ব্লকও পরিদর্শন করেন মৌমিতা গোদারা বসু। সেখানে একাধিক জায়গায় ফলস সিলিং ক্ষতিগ্রস্ত হওয়ায় অতিরিক্ত অর্থ বরাদ্দের দাবি জানানো হয় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে।

চিকিৎসকদের সঙ্গে বৈঠক

পরিদর্শনের পর মেডিক্যাল কলেজে চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেন স্বাস্থ্যসচিব। বৈঠকে উপস্থিত ছিলেন হাসপাতালের সুপার ডা. সঞ্জয় মল্লিক। চিকিৎসা পরিষেবা সংক্রান্ত একাধিক সমস্যা ও প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

পরিকাঠামো উন্নয়নে একাধিক নির্দেশ

স্বাস্থ্যসচিব এদিন একাধিক পরামর্শ দেন। পেডিয়াট্রিক ওয়ার্ডের বাইরে রোগীর পরিজন, বিশেষ করে মহিলাদের বসার জন্য বেঞ্চ বসানোর নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি পরিষেবা আরও রোগীবান্ধব করার উপর জোর দেওয়া হয়।

কবে থেকে শুরু পরিষেবা?

হাসপাতালের সুপার ডা. সঞ্জয় মল্লিক জানান, “দ্রুত গতিতে কাজ এগোচ্ছে। তবে কবে থেকে ক্যানসার ব্লকের পরিষেবা শুরু হবে, তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। বিষয়টি পূর্ত দপ্তরের ওপর নির্ভর করছে। স্বাস্থ্যসচিব এসে সব দিক খতিয়ে দেখেছেন।”

শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নির্মীয়মান ক্যানসার হাসপাতাল আগামী বছর চালু হওয়ার সম্ভাবনা। পাশাপাশি প্রায় শেষের পথে ১০০ শয্যার ক্রিটিক্যাল কেয়ার ব্লকের কাজ। শনিবার পরিকাঠামো খতিয়ে দেখতে হাসপাতাল পরিদর্শনে যান রাজ্যের স্বাস্থ্যসচিব মৌমিতা গোদারা বসু।

Leave a comment