জানুয়ারির শুরুতেই উত্তরবঙ্গে চূড়ান্ত রূপ নিচ্ছে শীত। মঙ্গলবার সকাল থেকে দার্জিলিং পাহাড় থেকে শুরু করে সমতলের শিলিগুড়ি, জলপাইগুড়ি—সব জায়গাতেই কুয়াশা আর ঠান্ডার দাপট চোখে পড়েছে। ঝপঝপ করে পারদ নামায় সাধারণ মানুষের পাশাপাশি পর্যটকরাও ঠান্ডায় কার্যত কাবু।
দার্জিলিংয়ে পারদ নামল বিপজ্জনক স্তরে
পাহাড়ি শহর দার্জিলিংয়ে এদিন আকাশ মোটামুটি পরিষ্কার থাকলেও কোথাও কোথাও হালকা কুয়াশার দেখা মিলেছে। সকালের দিকে হালকা রোদ উঠলেও শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা অধরাই থেকেছে।IMD সূত্রে জানা গিয়েছে, দার্জিলিং শহরে সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৩.২ ডিগ্রি সেলসিয়াসে, অন্যদিকে দার্জিলিং পিটিও এলাকায় পারদ আরও নীচে নেমে ১.৫ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে, যা এই মরসুমের অন্যতম সর্বনিম্ন।
শিলিগুড়িতে ঘন কুয়াশা, দৃশ্যমানতা কম
মঙ্গলবার ভোর থেকেই শিলিগুড়ির একাধিক এলাকা ঘন কুয়াশায় ঢাকা পড়ে যায়। কুয়াশার দাপটে রাস্তায় দৃশ্যমানতা ছিল অত্যন্ত কম। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, এদিন শিলিগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৬ ডিগ্রি সেলসিয়াস।
কালিম্পং ও জলপাইগুড়িতে শীতের দাপট
কালিম্পংয়ে আকাশ ছিল আংশিক মেঘলা। মাঝে মাঝে মিঠেকড়া রোদের দেখা মিললেও ঠান্ডার দাপট কমেনি। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রি সেলসিয়াসে।জলপাইগুড়িতেও সকাল থেকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ লক্ষ্য করা গিয়েছে। এদিন জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস।
ডুয়ার্স থেকে দিনাজপুর—সব জেলাতেই কুয়াশা
ডুয়ার্স, আলিপুরদুয়ার, কোচবিহার, ইসলামপুর, গঙ্গারামপুর, উত্তর ও দক্ষিণ দিনাজপুর—প্রায় সর্বত্রই এদিন কুয়াশার প্রভাব ছিল চোখে পড়ার মতো।
IMD-এর তথ্য অনুযায়ী—
মালদহ: ৯.৭°C
কোচবিহার: ৯.১°C
আলিপুরদুয়ার: ১১°C
রায়গঞ্জ: ৮°C
দক্ষিণ দিনাজপুর: ৯.৫°C
আগামী ৪৮ ঘণ্টার পূর্বাভাস
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টা উত্তরবঙ্গের সব জেলা শুষ্ক থাকবে। তবে অধিকাংশ জায়গাতেই ভোর ও সকালে ঘন কুয়াশার দাপট বজায় থাকবে। দৃশ্যমানতা কমে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে বলে সতর্ক করেছে IMD।
উত্তরবঙ্গে শীতের দাপট ক্রমেই বাড়ছে। মঙ্গলবার ভোর থেকেই ঘন কুয়াশা ও নিম্নমুখী পারদের জেরে হাড় কাঁপানো ঠান্ডায় জুবুথুবু অবস্থা দার্জিলিং, শিলিগুড়ি-সহ একাধিক জেলার। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টা শুষ্ক আবহাওয়া থাকলেও কুয়াশার দাপট আরও বাড়তে পারে।











