বাজারে টন টন ইলিশ, কিন্তু সাবধান! নকল মাছ কিনে ‘ফুলিশ’ হবেন না, আসল ইলিশ চিনবেন এই সহজ উপায়ে

বাজারে ইলিশ কিনতে গিয়ে প্রতারিত হবেন না। রং, গন্ধ, আঁশ, চোখ ও গঠনের পার্থক্য দেখে কীভাবে আসল ইলিশ চিনবেন, জেনে নিন সহজ কিছু কার্যকর টিপস।

বর্ষার আগমনের সঙ্গে সঙ্গেই রাজ্যের বিভিন্ন মাছের বাজারে পৌঁছাতে শুরু করেছে টাটকা ইলিশ। কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি ও পাথরপ্রতিমা-সহ উপকূলের বিভিন্ন ঘাট থেকে ধরা ইলিশ এখন রাজ্যের বাজারে। তবে ইলিশের চাহিদা বাড়তেই সক্রিয় হয়ে ওঠেন কিছু অসাধু ব্যবসায়ী। ইলিশের মতো দেখতে অন্য মাছকে আসল ইলিশের দামে বিক্রি করে ক্রেতাদের প্রতারিত করার অভিযোগও ওঠে। তাই কেনার আগে জেনে নিন আসল ইলিশ চেনার সহজ উপায়।

কোন মাছকে ইলিশ বলে বিক্রি করা হয়?

বাজারে চন্দনা, সার্ডিন, পানসা, খায়রা, চৌক্কা কিংবা চাপিলা জাতীয় কিছু সামুদ্রিক মাছকে অনেক সময় ইলিশ বলে চালিয়ে দেওয়া হয়। দেখতে কিছুটা মিল থাকলেও স্বাদ, গন্ধ এবং গঠনে এই মাছগুলির সঙ্গে আসল ইলিশের স্পষ্ট পার্থক্য রয়েছে।

শরীরের গঠন দেখেই মিলবে প্রথম ইঙ্গিত

আসল ইলিশের পেট ও পিঠ দু'দিকই সুন্দরভাবে বাঁকানো থাকে। অন্যদিকে, ইলিশের মতো দেখতে বেশিরভাগ মাছ তুলনামূলক সরু ও কম চওড়া হয়। মাছের গড়ন ভালোভাবে লক্ষ্য করলেই অনেকটাই ধারণা পাওয়া যায়।

রুপোলি রং ও আঁশে থাকে আসল পরিচয়

ভালো ইলিশের গায়ে উজ্জ্বল রুপোলি রঙের সঙ্গে হালকা গোলাপি বা লালচে আভা দেখা যায়। তবে কিছু ব্যবসায়ী অন্য মাছে কৃত্রিম রং ব্যবহার করেন। তাই কেনার আগে হাত দিয়ে মাছের গা হালকা ঘষে দেখে নেওয়া ভালো। পাশাপাশি ইলিশের আঁশ খুব সূক্ষ্ম হয়, অন্য মাছের আঁশ তুলনায় মোটা।

চোখ ও মাথার গঠনে রয়েছে পার্থক্য

আসল ইলিশের চোখ তুলনামূলক ছোট এবং চোখের ভেতরে হালকা লালচে আভা থাকে। অন্যদিকে সার্ডিন বা চন্দনা জাতীয় মাছের চোখ সাধারণত বড় হয়। এছাড়া ইলিশের মাথা সামনের দিকে সরু ও সূচালো, পরে ধীরে ধীরে চওড়া হয়েছে—এটিও গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য।

গন্ধেই ধরা পড়ে আসল ইলিশ

টাটকা ইলিশের একটি স্বতন্ত্র মিষ্টি গন্ধ থাকে, যা অন্য কোনও সামুদ্রিক মাছে পাওয়া যায় না। যদি মাছে সেই স্বাভাবিক গন্ধ না থাকে, তাহলে কেনার আগে সতর্ক হওয়াই ভালো।

ছোট ইলিশ কেনার আগে সতর্ক থাকুন

সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট দৈর্ঘ্যের নিচে ইলিশ ধরা নিষিদ্ধ। তাই খুব ছোট আকারের মাছকে ইলিশ বলে বিক্রি করা হলে তা কেনার আগে ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত। সঠিক আকার ও গঠন সম্পর্কে ধারণা থাকলে প্রতারণার সম্ভাবনা অনেকটাই কমে।

বর্ষা এলেই বাজারে বাড়ে ইলিশের চাহিদা। তবে এই সুযোগে অনেক অসাধু ব্যবসায়ী ইলিশের মতো দেখতে অন্য সামুদ্রিক মাছকে আসল ইলিশ বলে বিক্রি করেন। তাই কেনাকাটার আগে কয়েকটি সহজ লক্ষণ জেনে রাখলে আসল ও নকল ইলিশ সহজেই আলাদা করা সম্ভব।

Leave a comment