প্যানকার্ড ছাড়া বড় অঙ্কের আর্থিক লেনদেন করা এবার আরও কঠিন হতে চলেছে। নতুন ইনকাম ট্যাক্স আইনের খসড়া অনুযায়ী, ১ এপ্রিল ২০২৬ থেকে PAN Card Rule-এ একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর হওয়ার সম্ভাবনা। বিশেষ করে বাড়ি, গাড়ি কেনা থেকে শুরু করে নগদ টাকা জমা ও তোলার ক্ষেত্রে সাধারণ মানুষের দৈনন্দিন আর্থিক সিদ্ধান্তে এর সরাসরি প্রভাব পড়বে।
কেন বদলানো হচ্ছে প্যানকার্ডের নিয়ম?
কেন্দ্রের লক্ষ্য হল বড় অঙ্কের লেনদেনের উপর নজরদারি আরও কড়া করা। কর ফাঁকি রুখতে এবং আর্থিক তথ্যকে এক ছাতার তলায় আনতেই প্যানকে ড্রাফ্ট ইনকাম ট্যাক্স নিয়মের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
নগদ জমা ও তোলার ক্ষেত্রে কী বদল আসছে?
নতুন নিয়ম অনুযায়ী, একটি আর্থিক বছরে যদি ১০ লক্ষ টাকা বা তার বেশি নগদ তোলা বা জমা হয়, তাহলে প্যানকার্ড দেখানো বাধ্যতামূলক হবে।
এছাড়াও, একদিনে ৫০,০০০ টাকা বা তার বেশি নগদ লেনদেন হলেও প্যানের প্রয়োজন পড়বে। অর্থাৎ দৈনিক নয়, বার্ষিক মোট লেনদেনই এবার বেশি গুরুত্বপূর্ণ হবে।
বাড়ি ও গাড়ি কেনায় প্যান আরও জরুরি
নয়া নিয়মে বাড়ি, ফ্ল্যাট, জমি বা গাড়ি কেনাবেচার ক্ষেত্রে প্যান ব্যবহারের সীমা আরও স্পষ্ট করা হয়েছে।২০ লক্ষ টাকা বা তার বেশি মূল্যের সম্পত্তি কেনা, বিক্রি বা উপহার দেওয়ার ক্ষেত্রে প্যান দেখানো বাধ্যতামূলক হবে। বড় অঙ্কের রিয়েল এস্টেট ডিল এবার পুরোপুরি নজরদারির আওতায় আসছে।
হোটেল, ইভেন্ট ও বিল পেমেন্টেও কড়াকড়ি
হোটেল, রেস্তোরাঁ, ব্যাঙ্কোয়েট হল, কনভেনশন সেন্টার বা ইভেন্ট ম্যানেজমেন্ট সংক্রান্ত বিল যদি ১ লক্ষ টাকার বেশি হয়, তাহলে সেখানেও প্যানকার্ড বাধ্যতামূলক হবে।
বিমা সংক্রান্ত নতুন নিয়ম
নয়া নিয়ম অনুযায়ী, বিমা সংস্থার সঙ্গে আর্থিক সম্পর্ক শুরু করলেই প্যান লাগবে।
এছাড়া, যদি বার্ষিক বিমা প্রিমিয়াম ৫০,০০০ টাকা বা তার বেশি হয়, সেক্ষেত্রে প্যানকার্ড দেখানো বাধ্যতামূলক করা হচ্ছে।
ছোট লেনদেনে স্বস্তি, বড় টাকায় কড়া নজর
সরকারের দাবি, ছোটখাটো লেনদেনে প্যান সংক্রান্ত ঝঞ্ঝাট কিছুটা কমবে। তবে বড় অঙ্কের লেনদেন হলে ট্যাক্স ট্র্যাকিং হবে আরও শক্তপোক্ত। এর ফলে আর্থিক পরিকল্পনা আরও স্বচ্ছ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
কাদের সুবিধা, কাদের অসুবিধা?
বেতনভোগী মানুষ ও ডিজিটাল লেনদেনকারীদের জন্য এই নিয়ম তুলনামূলকভাবে সুবিধাজনক হবে। প্রিফিল্ড ডেটা ও অটো-ট্র্যাকিংয়ের ফলে কর সংক্রান্ত কাজ সহজ হবে।তবে যাঁরা বড় অঙ্কের নগদ লেনদেন করেন, তাঁদের জন্য বাড়বে সতর্কতা ও নথিপত্রের দায়িত্ব।
পয়লা এপ্রিল থেকে প্যানকার্ড সংক্রান্ত নিয়মে বড়সড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র। নগদ জমা-তোলা, বাড়ি ও গাড়ি কেনা, বিমা, হোটেল বিল—সব ক্ষেত্রেই নতুন সীমা কার্যকর হবে। ছোট লেনদেনে ছাড় মিললেও বড় অঙ্কের টাকার ক্ষেত্রে প্যান বাধ্যতামূলক হচ্ছে।











