Liver Damaging Foods: আধুনিক খাদ্যাভ্যাসের নির্দিষ্ট কিছু খাবার লিভারকে দ্রুত ক্ষতি করছে বলে সতর্ক করলেন বিশেষজ্ঞরা। চেন্নাইয়ের অ্যাপোলো স্পেক্ট্রা হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডঃ আদিত্য শাহ জানাচ্ছেন, সপ্তাহের পর সপ্তাহ প্রসেসড ফুড, অতিরিক্ত চিনি, রিফাইন্ড কার্বোহাইড্রেট এবং তেলেভাজা খাবার খেলে লিভারের কোষ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। সচেতনতার অভাবে বহু মানুষ ফ্যাটি লিভার থেকে শুরু করে লিভারের প্রদাহ পর্যন্ত বিভিন্ন জটিল সমস্যায় ভুগছেন।

আধুনিক খাদ্যাভ্যাসেই লিভারের বিপদ বাড়ছে
ডঃ শাহ জানান, লিভার শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ—ডিটক্সিফিকেশন, মেটাবলিজ়ম ও শক্তি সঞ্চয়ের মতো বহু জরুরি কাজ লিভার করে। কিন্তু আধুনিক খাবারের মধ্যে অতিরিক্ত প্রিজ়ারভেটিভ, রং ও রাসায়নিক পদার্থ থাকার কারণে লিভারের উপরে চাপ ভয়াবহভাবে বেড়ে যাচ্ছে।অনেক সময় প্রথম দিকের ক্ষতি বোঝাই যায় না। উপসর্গ প্রকাশ পায় তখনই, যখন ফ্যাটি লিভার বা প্রদাহ অনেকটাই বেড়ে যায়।
অতিরিক্ত চিনি ও রিফাইন্ড কার্বোহাইড্রেট সবচেয়ে ক্ষতিকর
বিশেষজ্ঞদের মতে, কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি, প্যাকেটজাত জুস, কেক-পেস্ট্রি এবং রিফাইন্ড কার্বোহাইড্রেট (পাউরুটি, নুডলস, পাস্তা) লিভারের জন্য মারাত্মক ক্ষতিকর।শরীরে অতিরিক্ত চিনি জমলে লিভার সেই চিনিকে ফ্যাটে রূপান্তরিত করতে থাকে, ফলে নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার (NAFLD)-এর ঝুঁকি দ্রুত বাড়ে। রিফাইন্ড কার্বো শরীরে গ্লুকোজ বৃদ্ধি করে, যা ইনসুলিন রেজ়িস্ট্যান্স তৈরি করে লিভারের ক্ষতি বাড়ায়।

ভাজাভুজি ও প্রসেসড ফুডের ট্রান্স-ফ্যাট লিভারের বড় শত্রু
ফাস্ট ফুড, প্যাকেট স্ন্যাকস, তেলে ডোবা খাবারে থাকা ট্রান্স-ফ্যাট লিভারের কোষকে ধ্বংস করে।ডঃ শাহের মতে, এই ধরনের ফ্যাট শরীরে অক্সিডেটিভ স্ট্রেস বাড়ায়, যা দীর্ঘমেয়াদে লিভার প্রদাহ এবং কোষের ক্ষতি ডেকে আনে।নিয়মিত এই খাবার খেলে লিভারে চর্বি জমে ফ্যাটি লিভার আরও বাড়তে থাকে।
অতিরিক্ত লবণ ও অ্যালকোহলও বিপদের বড় কারণ
প্রসেসড মাংস, ইনস্ট্যান্ট নুডলস, স্যুপ, প্যাকেট সস—সবকটিতেই থাকে প্রচুর লবণ, যা শরীরে জলধারণ বাড়িয়ে লিভারের উপর চাপ সৃষ্টি করে।অ্যালকোহল তো লিভার রোগের প্রধানতম কারণ। বিশেষজ্ঞদের মতে, অল্প পরিমাণে নিয়মিত অ্যালকোহল খেলেও দীর্ঘমেয়াদে লিভারের ক্ষতি স্থায়ী হয়ে যেতে পারে।

চিনি, তেল-মশলা, ভাজাভুজি, প্রসেসড ফুড ও অ্যালকোহল লিভারকে সবচেয়ে দ্রুত ক্ষতিগ্রস্ত করে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। নিয়মিত এই খাবারগুলি খেলে ধীরে ধীরে লিভারের কর্মক্ষমতা কমে গিয়ে ফ্যাটি লিভার, প্রদাহ ও অন্যান্য জটিল রোগের ঝুঁকি বাড়ে। সুষম খাদ্যাভ্যাসই লিভারকে সুরক্ষিত রাখতে পারে।








