Room Heater Side Effects: শীতে রুম হিটারই কি বিপদের কারণ? কতক্ষণ ব্যবহার করলে শরীরে কী ক্ষতি হয় জানালেন বিশেষজ্ঞরা

Room Heater Side Effects: শীতে রুম হিটারই কি বিপদের কারণ? কতক্ষণ ব্যবহার করলে শরীরে কী ক্ষতি হয় জানালেন বিশেষজ্ঞরা

শীতকাল মানেই ঠান্ডা থেকে বাঁচতে রুম হিটারের উপর নির্ভরতা। এসি যেমন গ্রীষ্মের নিত্যসঙ্গী, তেমনই শীতে ঘর গরম রাখতে অনেকের প্রথম পছন্দ হিটার। কিন্তু বিশেষজ্ঞদের মতে, নির্দিষ্ট সময়ের বেশি হিটার চালালে উপকারের বদলে শরীরের ক্ষতিই বেশি হতে পারে।

কীভাবে কাজ করে রুম হিটার?

বেশিরভাগ রুম হিটারের ভিতরে থাকে লাল-গরম ধাতব পাত বা সেরামিক কোর। এই অংশ গরম হয়ে বাতাসে তাপ ছড়িয়ে দেয় এবং ঘরের তাপমাত্রা বাড়ায়। কিন্তু এই প্রক্রিয়াতেই বাতাসের স্বাভাবিক আর্দ্রতা দ্রুত কমে যায়।

বাতাস শুষ্ক হলে কী সমস্যা হয়?

হিটার চালু থাকলে ঘরের বাতাস অত্যন্ত শুষ্ক হয়ে ওঠে। ফলে ত্বকে শুষ্কতা, ঠোঁট ফাটা, চোখ জ্বালা, নাক বন্ধ হওয়া ও গলা খুসখুস করার মতো সমস্যা দেখা দেয়। অনেকের ক্ষেত্রে কাশি, মাথাব্যথা ও গা গোলানো ভাবও তৈরি হয়।

শ্বাসকষ্ট ও অক্সিজেনের ঝুঁকি

দীর্ঘ সময় হিটার ব্যবহার করলে ঘরের বাতাসে অক্সিজেনের মাত্রা কিছুটা কমে যেতে পারে। এর ফলে শ্বাস নিতে অসুবিধা হয়। বিশেষ করে বন্ধ ঘরে হিটার চালিয়ে ঘুমালে শ্বাসপ্রশ্বাসের উপর বাড়তি চাপ পড়ে।

কোন রোগীদের জন্য বেশি বিপজ্জনক?

চিকিৎসকদের মতে, অ্যাজমা, অ্যালার্জি, সাইনাস কিংবা ব্রঙ্কাইটিসে ভোগা রোগীদের জন্য রুম হিটার বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। শুষ্ক গরম বাতাস ফুসফুসে কফ জমার প্রবণতা বাড়ায়, যার ফলে শ্বাসকষ্ট ও কাশি বেড়ে যেতে পারে।

কোন হিটার তুলনামূলক নিরাপদ?

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, অ্যাজমা বা অ্যালার্জির রোগীরা সাধারণ ফ্যান হিটার বা কয়েল হিটারের বদলে অয়েল ফিল্ড হিটার ব্যবহার করতে পারেন। এতে বাতাস অতিরিক্ত শুষ্ক হয় না এবং তাপ ধীরে ছড়ায়।

নিরাপদে হিটার ব্যবহারের টিপস

হিটার ব্যবহারের সময় পর্যাপ্ত জল পান করা জরুরি। ত্বকের শুষ্কতা কমাতে ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। ঘরের মধ্যে জলভর্তি একটি পাত্র রাখলে বাতাসে আর্দ্রতা বজায় থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল—একটানা দীর্ঘ সময় হিটার না চালিয়ে নির্দিষ্ট বিরতিতে বন্ধ রাখা।

শীত বাড়তেই রুম হিটারের ব্যবহার হু-হু করে বাড়ছে। তবে দীর্ঘ সময় ও ভুল পদ্ধতিতে হিটার ব্যবহার করলে শ্বাসকষ্ট, ত্বকের সমস্যা থেকে শুরু করে অনিদ্রা পর্যন্ত নানা শারীরিক জটিলতা দেখা দিতে পারে বলে সতর্ক করছেন চিকিৎসকরা।

Leave a comment