আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা চূড়ান্ত করতে তৎপর নির্বাচন কমিশন। সেই লক্ষ্যেই স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া ঘিরে একগুচ্ছ স্পষ্ট ও কড়া নির্দেশিকা জারি করল কমিশন। নির্ধারিত সময়সীমা না মানলে প্রশাসনিক স্তরে সমস্যা তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
ফুল বেঞ্চ বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
শুক্রবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের স্পেশাল রোল অবজ়ার্ভার সুব্রত গুপ্ত-সহ প্রতিটি জেলার DEO (District Election Officer) ও ERO (Electoral Registration Officer)। এই বৈঠকেই শুনানি সংক্রান্ত বিস্তারিত রূপরেখা ঠিক করে দেওয়া হয়।
১ ফেব্রুয়ারির মধ্যে নোটিস, সাত দিনে শুনানি শেষ
কমিশনের নির্দেশ অনুযায়ী, ১ ফেব্রুয়ারি, রবিবার বিকেল পাঁচটার মধ্যে সমস্ত শুনানির নোটিস জারির কাজ শেষ করতে হবে। এর পরবর্তী সাত দিনের মধ্যে সমস্ত শুনানির প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। নির্ধারিত সময়ের বাইরে কোনও শুনানি চলবে না বলে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।
ডকুমেন্ট আপলোডেও বেঁধে দেওয়া সময়সীমা
শুধু শুনানি নয়, শুনানি সংক্রান্ত সমস্ত নথি কমিশনের সার্ভারে আপলোড করার কাজও সাত দিনের মধ্যেই শেষ করতে হবে। পাশাপাশি, ইতিমধ্যেই যেসব শুনানি সম্পন্ন হয়েছে, সেই সমস্ত মামলার ডকুমেন্ট আপলোডিংয়ের কাজ ২ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
মাইক্রো অবজ়ার্ভার সরিয়ে নতুন দায়িত্ব
নির্বাচন কমিশনের আরও নির্দেশ, আগামী ২-৩ দিনের মধ্যে সমস্ত মাইক্রো অবজ়ার্ভারকে শুনানি কেন্দ্র থেকে সরিয়ে রোল অবজ়ার্ভারদের সহায়তার কাজে নিযুক্ত করতে হবে। এর ফলে নজরদারি ও তথ্য যাচাইয়ের কাজ আরও দ্রুত হবে বলে মনে করা হচ্ছে।
১৪ ফেব্রুয়ারিতেই চূড়ান্ত ভোটার তালিকা
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা রয়েছে। কমিশন সূত্রে খবর, এর কয়েক দিনের মধ্যেই রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। ফলে ফেব্রুয়ারির শেষ কিংবা মার্চে ভোট ঘোষণার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক বিশ্লেষকেরা।
কেন এত তৎপর কমিশন?
নির্বাচনী মহলের মতে, নির্ধারিত সময়ের মধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে না পারলে নির্বাচনী প্রক্রিয়াতেই বিলম্ব হতে পারে। সেই সম্ভাবনা এড়াতেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে এই কড়া সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া দ্রুত শেষ করতে কড়া সময়সীমা বেঁধে দিল নির্বাচন কমিশন। ১ ফেব্রুয়ারি রবিবার বিকেল পাঁচটার মধ্যে শুনানির নোটিস জারি, সাত দিনের মধ্যে শুনানি ও ডকুমেন্ট আপলোড সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে।










