এসআইআর আপডেট: ভোটার তালিকা সংশোধনের বিশেষ অভিযান (SIR) শুরু হতে চলেছে ৪ নভেম্বর থেকে। এই প্রক্রিয়ায় বুথ লেভেল অফিসাররা (বিএলও) বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে তুলে দেবেন এনুমারেশন ফর্ম। অনেকের প্রশ্ন, যদি বিএলও আসার সময় ভোটার বাড়িতে না থাকেন, তাহলে কী হবে? নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, এমন ক্ষেত্রে বিএলও সর্বাধিক তিনবার ওই বাড়িতে যাবেন এবং প্রয়োজনে নোটিসও সাঁটিয়ে আসবেন।

বাড়ি বাড়ি গিয়ে কাজ শুরু করবেন বিএলও-রা
৪ নভেম্বর থেকে রাজ্যের সমস্ত বুথ এলাকায় ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হবে। এই সময় বুথ লেভেল অফিসার বা বিএলওরা প্রতিটি বাড়িতে যাবেন এবং ভোটারদের হাতে দেবেন এনুমারেশন ফর্ম। ভোটারদের সেই ফর্ম পূরণ করে ফেরত দিতে হবে বিএলও-র কাছেই। কলকাতা সহ বিভিন্ন জেলায় ইতিমধ্যেই বিএলওদের প্রশিক্ষণ শিবিরও শুরু হয়েছে।
ভোটার না থাকলে কতবার যাবেন বিএলও?
যদি প্রথমবার বিএলও বাড়িতে গিয়ে ভোটারকে না পান, তাহলে তিনি ওই বাড়িতে সর্বাধিক তিনবার যাবেন। প্রতিবারই ভোটারের উপস্থিতি যাচাইয়ের চেষ্টা করবেন তিনি। প্রথমবার গেলে এবং বাড়ি বন্ধ থাকলে, দরজার ফাঁক দিয়ে ফর্ম রেখে যাবেন বা লেটার বক্সে ফর্ম ফেলে দেবেন। পাশাপাশি বাড়ির দরজায় একটি নোটিস সাঁটিয়ে দেবেন, যেখানে পরের বার আসার সময় উল্লেখ থাকবে।

যোগাযোগের সুযোগ পাবেন ভোটাররাও
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নিজের বুথ এলাকার বিএলও-র মোবাইল নম্বর খুঁজে পাওয়া যাবে। ভোটার সরাসরি ফোন করে বিএলও-র সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এমনকি, বিএলওর অ্যাপেও ভোটারের তথ্য দেখা যাবে। বিএলও অন্তত তিনবার ফোনের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করবেন।
বাড়িতে অন্য সদস্য থাকলে কী করবেন?
যদি ভোটার নিজে উপস্থিত না থাকেন, তাহলে পরিবারের অন্য প্রাপ্তবয়স্ক সদস্য বিএলও-র কাছ থেকে সই করে এনুমারেশন ফর্ম নিয়ে নিতে পারেন। অনুপস্থিত সদস্যের প্রয়োজনীয় নথিও দেখানো যাবে। যারা বিদেশে আছেন, তারাও অনলাইনে ফর্ম পূরণ করে জমা দিতে পারবেন এবং ফোনে বিএলও-কে প্রয়োজনীয় কাগজ পাঠাতে পারবেন।

ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হচ্ছে ৪ নভেম্বর থেকে। এই সময় ভোটারদের বাড়িতে যাবেন বুথ লেভেল অফিসার বা বিএলও। ভোটারকে না পেলে বিএলও সর্বাধিক তিনবার ওই বাড়িতে যাবেন। এরপরও দেখা না হলে বিষয়টি রিপোর্ট করা হবে অ্যাপের মাধ্যমে। জানুন এসআইআর প্রক্রিয়ার বিস্তারিত নিয়ম।











