সারাদিনের ক্লান্তি নিয়ে রাতে বিছানায় শুয়েছেন। চোখের পাতা কখন বন্ধ হয়ে এসেছে, টেরও পাননি। কিন্তু হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন রাত প্রায় ৩টে। এরপর যতই ঘুমোনোর চেষ্টা করছেন, কিছুতেই ঘুম আসছে না। এমন অভিজ্ঞতা যদি প্রায়ই হয়, তাহলে বিষয়টি অবহেলা করা ঠিক নয়। তবে মাঝরাতে ঘুম ভাঙলেই যে বড় কোনও রোগ হয়েছে, এমনটাও নয়। বরং ঘুম ভাঙার পর কিছু অভ্যাস পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
কেন বারবার রাত ৩টের সময় ঘুম ভেঙে যায়?
মুম্বইয়ের স্নায়ুরোগ চিকিৎসক প্রশান্ত মাখিজার বক্তব্য অনুযায়ী, মাঝরাতে ঘুম ভাঙার পিছনে একাধিক কারণ থাকতে পারে। মানসিক চাপ, উদ্বেগ, অনিয়মিত ঘুমের সময়, বিকেলের পর চা-কফি পান, মদ্যপান এবং রাতে দেরি করে খাওয়াদাওয়া ঘুমের স্বাভাবিক ছন্দে ব্যাঘাত ঘটাতে পারে।এ ছাড়াও ঘুমের আগে দীর্ঘক্ষণ মোবাইল বা কম্পিউটারের স্ক্রিনে চোখ রাখলে ঘুম আসতে দেরি হতে পারে। স্লিপ অ্যাপনিয়ার মতো সমস্যাতেও রাতে বারবার ঘুম ভেঙে যেতে পারে।মাঝরাতে ঘুম ভাঙলে যে ৩টি কাজ এড়িয়ে চলবেন
বারবার ঘড়ি দেখবেন না
ঘুম ভেঙে যাওয়ার পর প্রথমেই ঘড়ির দিকে তাকানোর অভ্যাস অনেকের রয়েছে। কিন্তু এতে উল্টে দুশ্চিন্তা বাড়তে পারে। যেমন, মনে হতে পারে আর মাত্র কয়েক ঘণ্টা ঘুমোনোর সুযোগ রয়েছে, সকালে উঠতে হবে, সারাদিন ক্লান্ত লাগবে। এই ধরনের চিন্তা মস্তিষ্ককে আরও সতর্ক করে তোলে। ফলে ফের ঘুমিয়ে পড়া কঠিন হতে পারে।তাই মাঝরাতে ঘুম ভাঙলে সময় দেখার জন্য বারবার ঘড়ি বা ফোনের দিকে তাকাবেন না।
মোবাইল ফোন হাতে নেবেন না
ঘুম ভেঙে গেলে অনেকেই সময় কাটানোর জন্য ফোনে মেসেজ দেখেন, সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করেন কিংবা খবর পড়তে শুরু করেন। বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাস ঘুমের ক্ষেত্রে বাধা তৈরি করতে পারে।ফোনের উজ্জ্বল আলো, নোটিফিকেশন এবং নানা ধরনের কনটেন্ট মস্তিষ্ককে সক্রিয় করে তোলে। ফলে শরীর আবার ঘুমের জন্য প্রস্তুত হতে বেশি সময় নিতে পারে। তাই মাঝরাতে ঘুম ভাঙলে মোবাইল ফোন থেকে দূরে থাকাই ভালো।
ঘুম না এলেও জোর করে বিছানায় পড়ে থাকবেন না
বিশেষজ্ঞ ডাঃ মাইকেল ব্রিউসের পরামর্শ, ঘুম ভাঙলেই অকারণে বিছানা ছেড়ে উঠে পড়ার প্রয়োজন নেই। তবে এর অর্থ এই নয় যে, দীর্ঘক্ষণ ঘুম না এলেও বিরক্তি নিয়ে বিছানায় পড়ে থাকতে হবে।যদি দেখেন ঘুম আসছে না এবং বিছানায় শুয়ে থাকতে অস্বস্তি বা বিরক্তি বাড়ছে, তাহলে কম আলোয় শান্ত কোনও জায়গায় গিয়ে বই পড়ার মতো নিরিবিলি কাজ করতে পারেন। ঘুম ঘুম ভাব ফিরে এলে আবার বিছানায় যান। এই সময় ফোন, টিভি বা উজ্জ্বল আলো এড়িয়ে চলুন।
ঘুমের সমস্যা কমাতে দৈনন্দিন অভ্যাসেও নজর দিন
মাঝরাতে ঘুম ভাঙার সমস্যা কমাতে প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমোতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার অভ্যাস তৈরি করুন। বিকেলের পর চা-কফি কমিয়ে দিন। রাতে ভারী খাবার ও মদ্যপান এড়িয়ে চলুন। ঘুমের আগে মোবাইল বা ল্যাপটপ ব্যবহার কমানোও উপকারী হতে পারে।তবে নিয়মিত ঘুম ভেঙে গেলে, দিনের বেলায় অতিরিক্ত ঘুম পেলে বা কাজে মনোযোগ দিতে অসুবিধা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ঘুমের মধ্যে জোরে নাক ডাকা, শ্বাস আটকে আসা বা হাঁসফাঁস করে জেগে ওঠার মতো লক্ষণ থাকলে স্লিপ অ্যাপনিয়ার সম্ভাবনাও খতিয়ে দেখা প্রয়োজন।
রোজ মাঝরাতে, বিশেষ করে রাত ৩টের আশপাশে ঘুম ভেঙে যাওয়া অনেকের কাছেই পরিচিত সমস্যা। মানসিক চাপ, উদ্বেগ, অনিয়মিত ঘুমের সময়, অতিরিক্ত ক্যাফেইন, মদ্যপান কিংবা স্লিপ অ্যাপনিয়ার মতো সমস্যায় ঘুমের ছন্দ নষ্ট হতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ, ঘুম ভেঙে গেলে বারবার ঘড়ি দেখা, মোবাইল ফোন ঘাঁটা এবং ঘুম না এলেও দীর্ঘক্ষণ জোর করে বিছানায় পড়ে থাকা এড়িয়ে চলুন।













