SSC Teacher Recruitment 2025: পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের একাদশ–দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল শুক্রবার প্রকাশিত হয়। তবে ফলপ্রকাশের পরই কমিশনের সরকারি ওয়েবসাইট (https://westbengalssc.com বন্ধ হয়ে যায়। রাত পর্যন্ত বহু পরীক্ষার্থী তাঁদের প্রাপ্ত নম্বর দেখতে পারেননি। কমিশনের তরফে জানানো হয়েছে, অতিরিক্ত ট্র্যাফিকের কারণে সার্ভার ডাউন হয়েছিল, যা রাত ১২টার পর থেকে ধীরে ধীরে স্বাভাবিক হয়।

ফলপ্রকাশে উচ্ছ্বাস, ওয়েবসাইট ক্র্যাশে হতাশা
বহু প্রতীক্ষিত ফল প্রকাশ হতেই উচ্ছ্বাস ছড়াল পরীক্ষার্থীদের মধ্যে। কিন্তু ওয়েবসাইট ক্র্যাশ হয়ে যাওয়ায় তা মিলল না কারও কারও কাছে। কেউ কেউ সারারাত চেষ্টা করেও লগইন করতে পারেননি। কমিশনের ওয়েবসাইটে প্রাপ্ত নম্বর দেখা যাচ্ছিল না। শেষ পর্যন্ত গভীর রাতে কিছু প্রার্থী ফলাফল দেখতে সক্ষম হন।
সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন পরীক্ষা
২০১৬ সালের নিয়োগ বাতিলের পর সুপ্রিম কোর্টের নির্দেশে ফের নেওয়া হয় একাদশ–দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষা। ‘নন-টেন্টেড’ প্রার্থীদের কাছে এই পরীক্ষার ফলাফল ছিল ভবিষ্যতের সঙ্গে যুক্ত একমাত্র আশা। তাই ফল দেখতে না-পেয়ে অনেকে দুশ্চিন্তায় ভুগেছেন। তাঁদের মধ্যে অনেকেই রাস্তায় আন্দোলন থেকে শুরু করে আদালত পর্যন্ত গিয়েছিলেন।

১৭ নভেম্বর থেকে নথি যাচাই শুরু
এসএসসি সচিব জানিয়েছেন, ইন্টারভিউয়ের যোগ্য প্রার্থীদের তালিকা খুব শিগগিরই প্রকাশ করা হবে। নির্বাচিত প্রার্থীদের নথি যাচাই প্রক্রিয়া শুরু হবে ১৭ নভেম্বর থেকে। মোট ৩৫টি বিষয়ে পরীক্ষায় অংশ নিয়েছিলেন ২ লক্ষ ২৯ হাজার ৬০৬ জন প্রার্থী। শূন্যপদ ছিল ১২ হাজার ৫১৪টি। লিখিত পরীক্ষা হয়েছিল ১৪ সেপ্টেম্বর।
স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ, আশার বার্তা মন্ত্রীর
রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স (X)-এ পোস্ট করে জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে অনুষ্ঠিত হয়েছে এই পরীক্ষা। তিনি লেখেন, “চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের চিন্তার কিছু নেই, রাজ্য সরকার তাঁদের পাশে রয়েছে।” এই মন্তব্যে অনেক প্রার্থীর মনে নতুন আশার সঞ্চার হয়।

অঞ্চলভিত্তিক ইন্টারভিউ, ডিসেম্বরেই শেষ হতে পারে নিয়োগ
কমিশন সূত্রে জানা গেছে, ইন্টারভিউ নেওয়া হবে অঞ্চলভিত্তিক পদ্ধতিতে। এতে প্রার্থীদের দূরবর্তী স্থানে যেতে হবে না এবং প্রক্রিয়াও দ্রুত শেষ হবে। কমিশনের লক্ষ্য, ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া শেষ করা। নবম–দশমের শিক্ষক নিয়োগের ফলাফলও খুব শিগগিরই প্রকাশিত হবে বলে খবর।

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (SSC) শুক্রবার প্রকাশ করল একাদশ–দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল। কিন্তু ফলপ্রকাশের পরই বন্ধ হয়ে যায় কমিশনের ওয়েবসাইট। রাতভর বহু পরীক্ষার্থী ফল দেখতে পারেননি। কমিশনের দাবি, গভীর রাতে সমস্যা মিটে যায়, অনেকে ফলাফল দেখতে সক্ষম হন।









