রেস্তোরাঁর গরম গরম তন্দুরি রুটির সঙ্গে মাখন বা ঘি—এই জুটির স্বাদই আলাদা। অনেকেই ভাবেন, এমন রুটি বানাতে অবশ্যই মাটির তন্দুর কিংবা ওভেন দরকার। আসলে রান্নাঘরে থাকা ভারী লোহার চাটু দিয়েই কাছাকাছি স্বাদ ও টেক্সচার পাওয়া যেতে পারে। শুধু মণ্ড তৈরির সময় কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে।
তন্দুর নয়, ভারী লোহার চাটুই যথেষ্ট
তন্দুরি রুটি বানানোর জন্য নন-স্টিক প্যানের বদলে ভারী লোহার চাটু বা তাওয়া ব্যবহার করা সুবিধাজনক। চাটুটি ভালোভাবে গরম করে নিতে হবে। উচ্চ তাপমাত্রায় রুটি সেঁকার সময় তন্দুরের মতো পোড়া দাগও তৈরি হতে পারে।
মণ্ডে দিন ২-৩ টেবিল চামচ টাটকা দই
রুটির নরম ভাব অনেকটাই নির্ভর করে মণ্ড তৈরির উপর। গমের আটা, ময়দা অথবা দু’টির সমান অনুপাতে মিশ্রণ ব্যবহার করতে পারেন।মণ্ড তৈরির সময় এর সঙ্গে সামান্য লবণ, প্রায় আধ চা চামচ চিনি এবং ২ থেকে ৩ টেবিল চামচ টাটকা দই মিশিয়ে নিন। দই রুটির ভিতরের অংশ নরম রাখতে সাহায্য করে। এবার অল্প অল্প করে হালকা গরম জল দিয়ে মণ্ড তৈরি করুন।মণ্ড তৈরি হয়ে গেলে ঢেকে অন্তত ২০ থেকে ৩০ মিনিট রেখে দিন। এতে মণ্ড কিছুটা বিশ্রাম পাবে এবং পরে রুটি বেলতেও সুবিধা হবে।
কীভাবে চাটুতে বানাবেন তন্দুরি রুটি?
প্রথমে মণ্ড থেকে একটি বড় লেচি নিয়ে সাধারণ রুটির তুলনায় সামান্য মোটা করে বেলে নিন। এরপর রুটির একটি দিকে ভালোভাবে জল লাগিয়ে দিন।এবার আগে থেকে গরম করে রাখা লোহার চাটুর উপর জল লাগানো দিকটি নিচে রেখে রুটিটি বসান। জল লাগানো অংশের কারণে রুটিটি চাটুর সঙ্গে আটকে থাকবে।কিছুক্ষণের মধ্যেই রুটির উপর ছোট ছোট বুদ্বুদ দেখা দিতে শুরু করবে। তখন সাবধানে চাটুটি উল্টে ধরে গ্যাসের আঁচের উপর রুটিটি সেঁকে নিন। এতে তন্দুরের মতো উপরে বাদামি-কালচে দাগ তৈরি হবে।
আঁচ কেমন থাকবে?
রুটি সেঁকার সময় আঁচ মাঝারি থেকে একটু বেশি রাখা যেতে পারে। তবে খুব বেশি আঁচে রাখলে বাইরের অংশ দ্রুত পুড়ে যেতে পারে, অথচ ভিতরটা ঠিকমতো সেদ্ধ নাও হতে পারে। তাই রুটির উপর সুন্দর বাদামি দাগ পড়া পর্যন্ত নজর রেখে সেঁকুন।রুটি হয়ে গেলে চিমটা দিয়ে সাবধানে তুলে নিন।
শেষে মাখন বা ঘি—স্বাদ হবে আরও জমজমাট
চাটু থেকে নামানোর পর রুটি গরম থাকতেই উপর থেকে সামান্য মাখন বা ঘি মাখিয়ে দিন। এতে রুটির স্বাদ ও গন্ধ আরও বাড়বে।
যাঁরা ময়দা এড়িয়ে চলতে চান, তাঁরা সম্পূর্ণ গমের আটা দিয়েও এই রুটি তৈরি করতে পারেন।
বানিয়ে ফেলতে পারেন গার্লিক তন্দুরি রুটিও
স্বাদে একটু পরিবর্তন চাইলে রুটি সেঁকার আগে বা গরম রুটির উপর সামান্য কুচোনো রসুন ও ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন। উপর থেকে অল্প মাখন দিলে তৈরি হয়ে যাবে ঘরোয়া স্টাইলে গার্লিক তন্দুরি রুটি।
রেস্তোরাঁয় খেতে গেলে তন্দুরি রুটি অনেকেরই পছন্দের তালিকায় থাকে। কিন্তু বাড়িতে তন্দুর না থাকায় সেই স্বাদ থেকে বঞ্চিত হতে হয় না। ভারী লোহার চাটু বা তাওয়া এবং মণ্ড তৈরির সঠিক কৌশল জানলেই ঘরেই তৈরি করা সম্ভব নরম ভিতর ও হালকা পোড়া দাগযুক্ত তন্দুরি রুটি।













