বাজারে সবজির ঊর্ধ্বমুখী দাম এবং রাসায়নিক ব্যবহারের উদ্বেগের মাঝে বাড়ির সামান্য খালি জমিই হতে পারে আপনার পরিবারের নিরাপদ খাদ্যের ভরসা। মাত্র এক শতক জমিতে পরিকল্পিতভাবে বেড ও মাচা তৈরি করে সারা বছর বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করা সম্ভব। সঠিক পরিকল্পনা থাকলে বাজারের ওপর নির্ভরশীলতাও অনেকটাই কমানো যায়।
মাত্র এক শতক জমিতেই সবজি চাষের মডেল
কৃষি বিশেষজ্ঞদের মতে, প্রায় ২৪ ফুট × ২৪ বা ২৪ ফুট × ২৮ ফুট আয়তনের একটি ছোট জমিকে পরিকল্পিতভাবে ব্যবহার করলেই একটি পরিবারের প্রয়োজনীয় বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করা সম্ভব।
এই মডেলে মাঝখানে একাধিক সবজি বেড এবং দুই পাশে মাচাভিত্তিক সবজি চাষের ব্যবস্থা রাখা হয়। ফলে একই জমিতে একসঙ্গে নানা ধরনের সবজি উৎপাদন করা যায়।
কীভাবে তৈরি করবেন বেড?
জমির মাঝখানে উত্তর-দক্ষিণমুখী পাঁচটি বেড তৈরি করুন।
প্রতিটি বেডের দৈর্ঘ্য প্রায় ১৬ ফুট এবং প্রস্থ ২ ফুট ৪ ইঞ্চি রাখুন।
বেডগুলির মাঝে প্রায় ১০ ইঞ্চি চওড়া নালা রাখুন, যাতে সেচ ও পরিচর্যা সহজ হয়।
জমির উত্তর ও দক্ষিণ প্রান্তে মোট ছয়টি পেঁপে গাছ লাগানো যেতে পারে।
একবার সঠিকভাবে বেড তৈরি হলে বহু বছর একই কাঠামো ব্যবহার করা সম্ভব।
গ্রীষ্মকালে কোন সবজি চাষ করবেন?
গরমের মরসুমে পূর্ব দিকের মাচায় লাগানো যেতে পারে—
ঝিঙে
কাকরোল
পটল
বরবটি
মাঝের বেডে চাষ করা যেতে পারে—
টমেটো
বেগুন
লঙ্কা
কচু
মিষ্টি আলু
ঢেঁড়স
ডাটা শাক
পাট শাক
পশ্চিম পাশের মাচায় লাগানো যেতে পারে মিষ্টি কুমড়ো ও শসা।
শীতকালের ফসল বিন্যাস
শীত এলে একই জমিতে ফসলের বিন্যাস পরিবর্তন করা যায়।
পূর্ব দিকের মাচায়—
লাউ
শশা
মাঝের বেডে—
টমেটো
বেগুন
মুলো
গাজর
ফুলকপি
বাঁধাকপি
লাল শাক
পালং শাক
লঙ্কা
পশ্চিম দিকের মাচায়—
শিম
উচ্ছে বা করল
এছাড়া পেঁপে গাছের গোড়ায় ধনে পাতা ও পুদিনা চাষ করলে অতিরিক্ত উৎপাদন পাওয়া সম্ভব।
কেন এই পদ্ধতি জনপ্রিয়?
এই মডেলের অন্যতম বড় সুবিধা হলো—
রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই জৈব পদ্ধতিতে চাষ করা যায়।
পরিবারের জন্য তাজা ও নিরাপদ সবজি নিশ্চিত হয়।
বাজার থেকে সবজি কেনার খরচ কমে।
অল্প জমির সর্বোচ্চ ব্যবহার সম্ভব হয়।
একই সঙ্গে বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করা যায়।
অল্প জমিতেও পরিকল্পিতভাবে সবজি চাষ করে একটি পরিবারের সারা বছরের চাহিদা মেটানো সম্ভব। সঠিকভাবে বেড ও মাচা তৈরি, মৌসুমভিত্তিক ফসল নির্বাচন এবং জৈব পদ্ধতিতে চাষের মাধ্যমে বিষমুক্ত সবজি উৎপাদনের সহজ মডেল তুলে ধরছেন কৃষি বিশেষজ্ঞরা।













