সপ্তাহান্তে ফের ভোগান্তির আশঙ্কা শহরবাসীর। হুগলির রিভার ব্রিজ কমিশনার্সের অধীনে চলা রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী রবিবার, ১৪ ডিসেম্বর টানা ৮ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। কলকাতা পুলিশ আগাম বিজ্ঞপ্তি জারি করে যানচলাচলে একাধিক পরিবর্তনের কথা জানিয়েছে।
কেন বন্ধ বিদ্যাসাগর সেতু?
দ্বিতীয় হুগলি সেতুর কেবল পরিবর্তনের কাজ চলছে দীর্ঘদিন ধরেই। সেই রক্ষণাবেক্ষণ প্রক্রিয়ার অংশ হিসেবেই ফের সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগেও গত ১৬ নভেম্বর একই কারণে বন্ধ ছিল এই গুরুত্বপূর্ণ সেতু।

কতক্ষণ বন্ধ থাকবে সেতু?
কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী,
রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত
বিদ্যাসাগর সেতু দিয়ে কোনও ধরনের যানবাহন চলাচল করতে পারবে না।
জিরাট ও এজেসি বোস রোড দিক থেকে আসা গাড়ির রুট বদল
জিরাট আইল্যান্ডের দিক থেকে এজেসি বোস রোড ধরে বিদ্যাসাগর সেতুমুখী সব গাড়ি টার্ফ ভিউ রোড থেকে ঘুরিয়ে দেওয়া হবে। সেগুলি হেস্টিংস ক্রসিং হয়ে সেন্ট জর্জেস গেট রোডে যাবে। এরপর স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজ অথবা খিদিরপুর রোড ধরতে পারবে।

খিদিরপুর ও জে অ্যান্ড এন আইল্যান্ড দিকের যান চলাচল
জে অ্যান্ড এন আইল্যান্ড থেকে খিদিরপুর রোড হয়ে সেতুর দিকে আসা গাড়িগুলিকে ১১ ফার্লং গেট থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ ব্যবহার করা যাবে।
ঘোড়া পাস ও সার্কুলার গার্ডেনরিচ রোডের নির্দেশনা
খিদিরপুর রোড ধরে আসা যানবাহন ঘোড়া পাসের ওয়াই পয়েন্ট র্যাম্পে নিয়ন্ত্রিত হবে।এছাড়া সার্কুলার গার্ডেনরিচ রোড হয়ে আসা গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে ঘুরিয়ে সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজে পাঠানো হবে।
রক্ষণাবেক্ষণের কাজের জন্য ফের বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। আগামী ১৪ ডিসেম্বর রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত সেতু দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। কলকাতা পুলিশ বিকল্প রুটের বিস্তারিত নির্দেশিকা জারি করেছে।










