আজকাল কম বয়সেই অনেকের মাথায় সাদা চুল দেখা যাচ্ছে। অনিয়মিত জীবনযাপন, পুষ্টির অভাব, দূষণ এবং মানসিক চাপের কারণে এই সমস্যা বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সাদা চুল ঢাকতে অনেকেই দামি হেয়ার কালার বা পার্লারের ট্রিটমেন্টের ওপর নির্ভর করেন। তবে এসব রাসায়নিক পণ্যের প্রভাবে অনেক সময় চুলের ক্ষতি হয়। তাই অনেকেই এখন প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন নেওয়ার দিকে ঝুঁকছেন।
অকাল পাকা চুলের বাড়বাড়ন্ত
আগে চুল পেকে যাওয়া মূলত বয়সের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হত। কিন্তু বর্তমানে তরুণ-তরুণীদের মধ্যেও অকাল পাকা চুলের প্রবণতা বাড়ছে। এমনকি স্কুল-কলেজ পড়ুয়াদের মধ্যেও এই সমস্যা দেখা যাচ্ছে। ফলে অনেকেই দ্রুত সমাধানের জন্য বিভিন্ন রাসায়নিক রঙ বা কালার ব্যবহার করছেন।
প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন
বিশেষজ্ঞদের মতে, প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি কিছু ঘরোয়া মিশ্রণ চুলের জন্য তুলনামূলকভাবে নিরাপদ হতে পারে। এই ধরনের উপাদানে সাধারণত ক্ষতিকর রাসায়নিক থাকে না। এমনই একটি উপাদান হল অমলতাস গাছের বীজ, যা আয়ুর্বেদিক যত্নে বহুদিন ধরেই ব্যবহৃত হয়ে আসছে।
কীভাবে তৈরি করবেন মিশ্রণ
এই ঘরোয়া মিশ্রণ তৈরি করতে প্রথমে অমলতাস ফুলের শুকনো বীজ সংগ্রহ করতে হবে। বীজের খোলস ভেঙে ভেতরের বীজ ও পাল্প বের করে নিন। এরপর এক কাপ জলে সেই বীজ ভিজিয়ে রাখুন। এর সঙ্গে দিন এক চামচ মেথি এবং এক চামচ কালো জিরে। সব উপকরণ রাতভর ভিজিয়ে রাখুন।
ব্যবহারের সঠিক পদ্ধতি
পরদিন সকালে ভেজানো উপকরণসহ জলটি ভালো করে ফুটিয়ে নিন। এরপর ছেঁকে নিন। ছেঁকে নেওয়া তরলের সঙ্গে দুই চামচ করে ক্যাস্টর অয়েল এবং রোজমেরি অয়েল মিশিয়ে নিন। যদি বাড়িতে রোজমেরি গাছ থাকে, তাহলে তার পাতা ব্যবহার করাও যেতে পারে।
কীভাবে চুলে লাগাবেন
প্রস্তুত মিশ্রণটি চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত ভালোভাবে মালিশ করুন। রাতে ঘুমানোর আগে লাগিয়ে রাখলে আরও ভালো ফল পাওয়া যেতে পারে। সকালে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। যদি সারারাত রাখা সম্ভব না হয়, তাহলে অন্তত দুই ঘণ্টা চুলে লাগিয়ে রাখার পর ধুয়ে নিতে পারেন।
অকাল পাকা চুল এখন অনেকের বড় সমস্যা। রাসায়নিক হেয়ার কালার ব্যবহার না করে প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন নিতে চাইলে কাজে লাগতে পারে একটি সহজ ঘরোয়া টোটকা। বিশেষজ্ঞদের মতে, অমলতাস ফুলের শুকনো বীজের সঙ্গে মেথি ও কালো জিরে ব্যবহার করলে চুলের পাকা ভাব ঢাকতে এবং চুলের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করতে পারে।









