মৌরলা থেকে কাচকি—বাংলার ৭ ছোট মাছ পুষ্টির ‘পাওয়ারহাউজ’, কমায় ক্যানসারের ঝুঁকি ও হার্টের অসুখ

মৌরলা থেকে কাচকি—বাংলার ৭ ছোট মাছ পুষ্টির ‘পাওয়ারহাউজ’, কমায় ক্যানসারের ঝুঁকি ও হার্টের অসুখ

বাঙালির খাদ্যতালিকায় মাছের গুরুত্ব আলাদা করে বলার অপেক্ষা রাখে না। রুই-কাতলা ছাড়াও বাংলার নানা ধরনের ছোট মাছ পুষ্টিগুণে ভরপুর। বিশেষজ্ঞদের মতে, ছোট মাছের মধ্যে প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের পরিমাণ অনেক বেশি থাকে। তাই নিয়মিত খাদ্যতালিকায় মৌরলা, কাচকি বা ট্যাংরার মতো মাছ রাখলে শরীরের নানা রোগের ঝুঁকি কমতে পারে।

ছোট মাছ কেন বেশি উপকারী

পুষ্টিবিদদের মতে, মাছ শরীরের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ প্রোটিনের উৎস। পাশাপাশি এতে থাকে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, যা মস্তিষ্কের কোষের গঠন ও কার্যকারিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।গবেষণায় দেখা গেছে, যারা সপ্তাহে অন্তত তিন দিন মাছ খান তাদের মস্তিষ্কের নিউরন কোষ তুলনামূলকভাবে বেশি সক্রিয় থাকে। বিশেষ করে ছোট দেশি মাছের মধ্যে বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদান বেশি থাকে।

পুঁটি মাছ

পুঁটি মাছ ভিটামিন ও ফসফরাসে সমৃদ্ধ। এই মাছ হাড় মজবুত করতে সাহায্য করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আমুদি মাছ

ছোট আমুদি মাছ প্রোটিন ও ভিটামিন সি-এর ভালো উৎস। নিয়মিত এই মাছ খেলে শরীরের পুষ্টির ঘাটতি অনেকটাই পূরণ হতে পারে।

ফলুই মাছ

ফলুই মাছে প্রচুর প্রোটিন, ক্যালসিয়াম, ফসফরাস ও ভিটামিন-এ রয়েছে। যদিও এই মাছে কাঁটা একটু বেশি, তবু এটি রক্তাল্পতা দূর করতে সহায়ক বলে মনে করা হয়।

মৌরলা মাছ

মৌরলা মাছ প্রোটিন ও আয়রনে ভরপুর। বিশেষ করে গর্ভবতী মহিলাদের জন্য এই মাছ উপকারী বলে মনে করা হয়, কারণ এটি শরীরে প্রয়োজনীয় আয়রনের চাহিদা পূরণ করতে সাহায্য করে।

কাচকি মাছ

কাচকি মাছে প্রোটিন ছাড়াও ক্যালসিয়াম, আয়রন ও বিভিন্ন ভিটামিন রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই মাছ চোখের স্বাস্থ্যের জন্যও উপকারী।

ট্যাংরা মাছ

ট্যাংরা মাছ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ। এতে স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন, ক্যালসিয়াম ও আয়রন রয়েছে। নিয়মিত ট্যাংরা মাছ খেলে হার্ট ভালো থাকে, অ্যানিমিয়ার ঝুঁকি কমে এবং চোখের স্বাস্থ্যের উন্নতি হয়।

রাইখোর মাছ

রাইখোর মাছ ভিটামিন ডি, ভিটামিন বি১২, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন ও সেলেনিয়ামের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানে ভরপুর। এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হাড় মজবুত করতে সহায়ক।

ছোট মাছ শুধু সুস্বাদুই নয়, পুষ্টিতেও ভরপুর। চিকিৎসকদের মতে পুঁটি, মৌরলা, কাচকি, ট্যাংরার মতো দেশি ছোট মাছ শরীরে প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সরবরাহ করে। নিয়মিত এই মাছ খেলে হার্ট, কিডনি, লিভারের স্বাস্থ্য ভালো থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে।

Leave a comment