শীতের দাপটে গাঁটে অসহ্য যন্ত্রণা? হাত-পা গরম রাখতে জানুন কার্যকর ঘরোয়া টিপস

শীতের দাপটে গাঁটে অসহ্য যন্ত্রণা? হাত-পা গরম রাখতে জানুন কার্যকর ঘরোয়া টিপস

শীতকাল কারও কাছে আরামের হলেও বহু মানুষের কাছে তা যন্ত্রণার নামান্তর। বিশেষ করে জাঁকিয়ে ঠান্ডা পড়লেই হাত-পা ঠান্ডা হয়ে যাওয়া, ঝিনঝিনি ভাব কিংবা গাঁটে ব্যথার সমস্যা বাড়তে থাকে। চিকিৎসকদের মতে, ঠান্ডার প্রভাবে রক্তনালি সংকুচিত হওয়ায় রক্তপ্রবাহ কমে যায়, আর তাতেই তৈরি হয় এই অস্বস্তি। তবে আতঙ্কিত না হয়ে কিছু সহজ উপায় মেনে চললেই সমস্যার সমাধান সম্ভব।

মোজা ও গ্লাভসেই প্রথম সুরক্ষা

শীতে হাত-পা গরম রাখার সবচেয়ে সহজ উপায় হল উলের মোজা ও গ্লাভস ব্যবহার করা। বিশেষ করে রাতে ঘুমোনোর সময় উলের বোনা মোজা পরলে শরীরের তাপমাত্রা বজায় থাকে। বাইরে বেরোনোর সময় গ্লাভস ব্যবহার করাও জরুরি।

সর্ষের তেলে মালিশে বাড়বে রক্তপ্রবাহ

রাতে ঘুমোনোর আগে হাত ও পায়ে ভালো করে সর্ষের তেল মালিশ করলে রক্ত সঞ্চালন বাড়ে। এতে শুধু গরমই থাকে না, গাঁটের ব্যথাও অনেকটা কমে। নিয়মিত এই অভ্যাস শীতে দারুণ উপকারী।

ব্যায়াম ও যোগাভ্যাসে মিলবে আরাম

শীতের অজুহাতে শরীরচর্চা বন্ধ করলে সমস্যা আরও বাড়ে। প্রতিদিন অন্তত ৩০ মিনিট হালকা ব্যায়াম বা যোগাভ্যাস করলে রক্ত চলাচল স্বাভাবিক থাকে। এর ফলে হাত-পা ঠান্ডা হওয়ার প্রবণতা কমে যায়।

শীতের ডায়েটেও নজর দিন

শীতে শরীর গরম রাখতে পুষ্টিকর খাবারের ভূমিকা অপরিসীম। আয়রনের ঘাটতি থাকলে হাত-পা ঠান্ডা হয়ে যেতে পারে। তাই শাকসবজি, ডাল, ডিম ও প্রোটিনসমৃদ্ধ খাবার ডায়েটে রাখুন।

জল কম নয়, বরং বেশি পান করুন

ঠান্ডায় অনেকেই জল কম খেয়ে ফেলেন। কিন্তু শরীর ডিহাইড্রেট হলে হাত-পা আরও ঠান্ডা হয়ে যায়। তাই শীতেও পর্যাপ্ত পরিমাণে জল পান করা জরুরি।

ঠান্ডা জল এড়িয়ে চলাই ভালো

শীতে ঠান্ডা জল ব্যবহারে সমস্যা বাড়তে পারে। হাত-পা ও মুখ ধোয়ার সময় হালকা গরম জল ব্যবহার করলে শরীর আরাম পায় এবং ঠান্ডাজনিত অস্বস্তি কমে।

শীত বাড়লেই অনেকের হাত-পা ঠান্ডা হয়ে যাওয়া ও গাঁটে ব্যথার সমস্যা বেড়ে যায়। শুধু বয়স্করাই নন, কম বয়সীরাও ভুগছেন এই সমস্যায়। ঠান্ডায় রক্ত সঞ্চালন কমে যাওয়াই মূল কারণ। তবে কয়েকটি সহজ অভ্যাস ও ঘরোয়া টিপস মানলেই মিলতে পারে স্বস্তি।

 

Leave a comment