অনেক সময় হঠাৎ ফোন আসে—“তোমাদের বাড়ির মোড়েই আছি, একটু উঠব।” তখনই মাথায় হাত! লিভিং রুম অগোছালো, টেবিলে ধুলো, সোফায় জামাকাপড়। কিন্তু হাতে যদি মাত্র ২০ মিনিটও থাকে, তবুও কয়েকটি দ্রুত টিপস মেনে চললে আপনার ঘর দেখতে হবে একেবারে আয়নার মতো পরিষ্কার।
‘ম্যাজিক ব্যাগ’ ট্রিক: অগোছালো জিনিস সরান চোখের আড়ালে
সবকিছু একসঙ্গে গুছিয়ে রাখার সময় না থাকলে একটি বড় শপিং ব্যাগ ব্যবহার করুন। বিছানা, সোফা বা টেবিলের ওপর ছড়িয়ে থাকা রিমোট, খবরের কাগজ, বাচ্চাদের খেলনা বা তোয়ালে—সব ব্যাগে ভরে ফেলুন। এরপর ব্যাগটি আলমারির ভেতর বা খাটের নিচে রেখে দিন। এতে ঘরের বিশৃঙ্খলা দ্রুত চোখের আড়াল হয়ে যাবে।
সেন্টার টেবিল ও আয়না দ্রুত পরিষ্কার
অতিথি ড্রয়িংরুমে ঢুকলে প্রথমেই চোখ যায় সেন্টার টেবিল ও আয়নার দিকে। ভেজা কাপড়ের বদলে শুকনো মাইক্রোফাইবার কাপড় বা পুরনো খবরের কাগজ দিয়ে টেবিল ও আয়না মুছে নিন। এতে দাগ পড়ার ভয় কম থাকে এবং কাঁচ দ্রুত ঝকঝকে হয়ে ওঠে।
বাথরুমে দিন ‘কুইক ফিক্স’
অতিথিরা সাধারণত বাথরুম ব্যবহার করেন। তাই দ্রুত বেসিনটা পরিষ্কার করে নিন। পুরনো বা ভেজা তোয়ালে সরিয়ে একটি পরিষ্কার ও শুকনো তোয়ালে ঝুলিয়ে দিন। সঙ্গে হালকা রুম ফ্রেশনার স্প্রে করলে বাথরুমে সতেজ গন্ধ থাকবে।
ঘরের গুমোট ভাব দূর করুন
ঘর বন্ধ থাকলে গুমোট গন্ধ হতে পারে। তাই অতিথি আসার খবর পেলেই জানালা খুলে দিন। প্রাকৃতিক আলো ও বাতাস ঢুকলে ঘর অনেক বেশি পরিষ্কার ও উজ্জ্বল দেখায়। সন্ধ্যার পর হলে উজ্জ্বল সাদা আলো না জ্বালিয়ে হালকা হলুদ আলো ব্যবহার করলে ঘর আরও আরামদায়ক লাগে।
রান্নাঘর দ্রুত গুছিয়ে ফেলুন
অতিথি অনেক সময় রান্নাঘরেও চলে আসেন। তাই নোংরা থালাবাসন সিঙ্কে রেখে দিন এবং কাউন্টার টপ বা স্ল্যাব একবার মুছে নিন। মশলার কৌটো বা রান্নার জিনিসপত্র এক জায়গায় গুছিয়ে রাখলে রান্নাঘর অনেক বেশি পরিপাটি দেখাবে।
হঠাৎ অতিথি চলে আসছে, অথচ ঘর অগোছালো? মাত্র ২০ মিনিট সময় থাকলেও চিন্তার কিছু নেই। কয়েকটি সহজ ও স্মার্ট কৌশল ব্যবহার করলে অল্প সময়েই ঘরকে ঝকঝকে ও পরিপাটি করে তোলা সম্ভব।









